চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
স্বাভাবিক ছন্দে ফিরছে বলিউড। করোনাকে সঙ্গে নিয়েই কাজ শুরু করতে চলেছে বলিউডের কলাকুশলীরা। রবিবার মহারাষ্ট্র সরকার শর্তসাপেক্ষে সিনেমা, টেলি সিরিজ ও বিজ্ঞাপনের শ্যুটিং শুরু করার অনুমতি দিয়েছে। নতুন করে আবার কাজে ফিরতে পেরে খুশি বলিউডের কলাকুশলীরা।
এদিন উদ্ধব ঠাকরের সরকার শ্যুটিং সংক্রান্ত ১৬ পাতার একটি নির্দেশিকা জারি করেছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মূলত বলিউডকে ওই নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় একাধিক শর্তের কথা বলা হয়েছে। যেমন কন্টেনমেন্ট জোনের বাইরে শ্যুটিং করা যাবে এবং ছবিতে যাঁরা অভিনয় করবেন তাঁদের সঙ্গে ৩৩ শতাংশ কম কর্মী নিয়ে কাজ করা যাবে। তবে প্রত্যেককে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। এছাড়া কলাকুশলীদের মধ্যে ৬ ফুটের দূরত্ব বজায় থাকবে। শ্যুটিংয়ে কোনও আলিঙ্গন বা অন্তরঙ্গ দৃশ্য থাকবে না। ঘেরা জায়গার মধ্যে হবে শ্যুটিং। এড়িয়ে চলতে বলা হয়েছে বিবাহের নাটক, মেলা, বাজারের মতো দৃশ্য গুলির শ্যুটিং। এমনকি এই সব নির্দেশিকা না মানলে কড়া শাস্তির কথাও বলা হয়েছে।
ভারতে দিন দিন ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আবার আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরেও বলিউডকে শ্যুটিং করার অনুমতি কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে মহারাষ্ট্র সরকারের যুক্তি, বলিউড ইন্ডাস্ট্রি থেকে সারা দেশ জুড়ে বছরভর মোটা অঙ্কের টাকাই আয় হয়। এছাড়া করোনা এবং লকডাউন পরিস্থিতিতে মানুষের মন ভালো রাখতে বিনোদনের গুরুত্ব রয়েছে। তাই নিয়ম মেনে শ্যুটিং শুরু করলে অসুবিধা নেই। এর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তথা টলিউডকে কাজ শুরু করার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news