নীল রায়।
মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) সার্ধশতবর্ষ পালনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকে দিল্লিতে এক ছাদের তলায় হাজির হলেন মুম্বইয়ের সিনে জগতের তারকারা। শনিবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল চাঁদের হাট। ছিলেন অভিনেতা শাহরুখ খান (Saharukh Khan), আমির খান (Amir Khan), অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, প্রযোজক একতা কাপুর, অশ্বিনী আইয়ার তিওয়ারি, পরিচালক করণ জোহর, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, অভিনেতা ভিকি কৌশল, অভিনেত্রী সোনম কাপুর, পরিচালক অনুরাগ বসু ও ইমতিয়াজ আলি প্রমূখ।
গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার লক্ষ্যে হ্যাশট্যাগ ‘চেঞ্জ উইথইন’ (#ChangeWithin) এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এই পরিবর্তনের লক্ষ্যে অঙ্গীকার করে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে অংশ নিয়েছেন আমির-শাহরুখ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের রানবীর কাপুর-আলিয়া ভাটরা। এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, “মহাত্মা গান্ধী ছিলেন সামাজিক ও অর্জিত মানবপ্রতিভার এক অনন্য উদাহরণ। তাঁর সৃজনশীলতার তুলনা ছিল না। জাতির চেতনাকে জাগ্রত করার জন্য এই সৃজনশীলতার প্রয়োজন রয়েছে। সিনেমা ও টেলিভিশন জগতের ব্যক্তিত্বরা মহাত্মা গান্ধীর আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। আগামী দিনেও তাঁরা সকলকে এই বার্তা দিন এটাই আমাদের লক্ষ্য।”
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর প্রত্যেক তারকা সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা করে নিজের বক্তব্য পেশ করেন গান্ধীজীর সার্ধশতবর্ষ পালন ও সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ভাবনা নিয়ে।প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সোশ্যাল মিডিয়ার বার্তায় শাহরুখ ও আমির বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ মনে রাখার মতো। তিনি অত্যন্ত সহৃদয় ব্যক্তি। খুবই অনুপ্রেরণা দেন। আমরা ধন্য। ”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news