ওয়েব ডেস্ক:
পরিবেশ প্রকৃতির ক্ষতি করে নয়, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যথাসম্ভব ম্যানগ্রোভ বাঁচিয়েই এগোবে বুলেট ট্রেনের কাজ। প্রসঙ্গত, ম্যানগ্রোভ কেটে বুলেট ট্রেন চাই না, এই মর্মে দাবি উঠেছিল দেশজুড়ে। সেই দাবি মেনে নেওয়া হল অনেকটাই। রেল কর্তৃপক্ষে এও জানাল যে এরজন্য প্রয়োজনীয় বদল আনা হবে থানে স্টেশনের নকশাতেও।
বন্যপ্রাণ এবং অরণ্য রক্ষার্থে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। অরণ্য দফতরের শর্ত মেনেই কাজ হবে। শনিবার একথা জানাল জাতীয় দ্রুত গতি রেল কর্পোরেশন লিমিটেড। তারা আরও জানায়, ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে বেশ কিছু প্রস্তাব দিয়েছে পরিবেশ মন্ত্রক। সেই নির্দেশ মেনে থানে স্টেশনের নকশাতেও বেশ কিছু বদল আনা হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, পুরানো নকশায় প্রায় ৫৩,০০০ গাছ কাটা পড়ত। নতুন নকশায় প্রায় ২১,০০০ গাছ কম কাটা পড়বে। ১২ হেক্টর অরণ্য ক্ষতিগ্রস্থ হওয়ার জায়গায় এখন ক্ষতি হবে ৩ হেক্টর ম্যানগ্রোভ অরণ্যের। এইসঙ্গে পরিবেশ ও প্রকৃতির কথা মাথায় রেখে কাটা পরা প্রতিটি ম্যানগ্রোভ গাছের জন্য বসানো হবে পাঁচটি নতুন গাছ। রেলের ক্ষতিপূরণ দেবে, সেই অর্থে এই কাজ করবে ম্যানগ্রোভ সেল। নতুন নকশায় কাটা পড়বে ৩২,০৪৪ টি গাছ। তার বদলে ১,৬০,০০০ টি নতুন গাছ বসানো হবে।
প্রসঙ্গত, বুলেট ট্রেন প্রকল্পে কাটা পড়ছে প্রায় ৫৪,০০০ টি ম্যানগ্রোভ গাছ, এমনটাই জানা গিয়েছিল সম্প্রতি। যা জানার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিশ্ব উষ্ণায়ণের এই যুগে সরকারি প্রকল্পে এত গাছ ধ্বংস হবে শুনে আসরে নামেন পরিবেশপ্রেমীরা। এরপরেই পরিবেশ মন্ত্রকের তরফে থানে স্টেশনের নকশা পূণর্বিবেচনা নির্দেশ দেওয়া হয়। তারপরই আজকের সিদ্ধান্তে এল রেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news