ওয়েব ডেস্ক:
কালো টাকা ইস্যুতে বড় জয় দিল্লির। সুইজারল্যান্ড শেষ পর্যন্ত ভারতের দাবি মেনে নিল। অবশেষে দুই ভারতীয় সংস্থা ও তিন সংস্থা-প্রতিনিধির বিষয়ে ভারতকে যাবতীয় তথ্য দিতে রাজি হল সুইজারল্যান্ড সরকার। ‘সেবি’র নথিভুক্ত ওই দুই সংস্থা হল জিওডেসিক লিমিটেড এবং আধি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। অভিযুক্ত তিন ব্যক্তিরা জিওডেসিক সংস্থার পঙ্কজকুমার ওঙ্কার শ্রীবাস্তব, প্রশান্ত শারদ মুলেকর এবং কিরণ কুলকার্নি।
উল্লেখ্য, বহুবার আবেদন করার পরেও এতদিন কালো টাকার তথ্য ভারতকে দিতে নারাজ ছিল সুইজারল্যান্ড। এবার তারা ভারতের দাবি মেনে নিল। এই ঘটনাকে কালো টাকা ইস্যুতে মোদী সরকারের বড়সড় জয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
একাধিক আর্থিক অনিয়মের অভিযোগে জিওডেসিক ও আধি এন্টারপ্রাইজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশের তদন্তকারী সংস্থাগুলি। সেইমতো সুইজারল্যান্ডে গচ্ছিত তাদের সম্পত্তি সম্পর্কে সেদেশের কাছ থেকে তথ্য চেয়েছিল ভারত। এতদিন যে বিষয়ে সহযোগিতা করছিল না সুইজ সরকার। অবশেষে তারা ভারতের দাবি মানল। শুধু তাই নয়, তিন ব্যাক্তির সম্পর্কে বিস্তারিত তথ্য দিতেও রাজি হয়েছে বার্ন প্রশাসন। এই সম্মতি নিয়ে একটি গেজেটও প্রকাশ করেছে সুইজারল্যান্ড। তবে ঠিক কী কী তথ্য চেয়েছিল ভারত, সে বিষয়ে মুখ খোলেনি সুইজারল্যান্ড সরকার।
শুরু থেকেই কালো টাকার পর্দা ফাঁস করা ছিল মোদী সরকারের একটি প্রধান ইস্যু । রাতারাতি ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করার পেছনেও ছিল কালো টাকার যুক্তি। কিন্তু নানা কারণে এই বিষয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমত পরিস্থিতিতে সুইজারল্যান্ডের এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে রাজনৈতিক মহল মোদীর জয় বলেই মনে করছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news