চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ত্রিপুরা পুরভোটে বড় জয় বিজেপির। প্রায় ৯৯ শতাংশ আসন জিতে নিয়েছে গেরুয়া শিবির। তবে, বিজেপি শিবিরকে অস্বস্তিতে রাখবে ত্রিপুরার রাজনীতিতে তৃণমূলের উল্কার গতিতে তৃণমূলের উত্থান। প্রথমবার লড়েই রাজ্যের অধিকাংশ পুরসভায় প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে তৃণমূল। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগরতলার ২৫টি আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঘাসফুল শিবির। ত্রিপুরার ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে একপেশে ভাবে ৩২৯টি আসন জিতে নিয়েছে বিজেপি। বামেরা ৩টি, তৃণমূলের ঝুলিতে ১টি এবং প্রদ্যোৎ মাণিক্য দেববর্মনের টিপ্রা মোথা পেয়েছে একটি ওয়ার্ড। ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতই গেরুয়া শিবিরের দখলে এসেছে। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১২টি আসন জিতেছে বিজেপি।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলছেন, “এটা ত্রিপুরার মানুষের জয়। সংখ্যালঘু ও সংখ্যাগুরু ভাগাভাগি মানেনি তাঁরা। বহু মানুষ এ রাজ্যকে বদনাম করতে চেয়েছে, তাদের যোগ্য জবাব দিল ত্রিপুরার মানুষ।” তবে এত অল্প সময়ের মধ্যে অন্য একটি রাজ্যে গিয়ে সংগঠন গড়ে তুলে একাধিক পুরসভায় দ্বিতীয় স্থানে উঠে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, “এই ফল বিজেপির শেষের শুরু। ২০২৩ সালে ত্রিপুরায় পরিবর্তন আনবে তৃণমূল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news