নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট:
ফের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল মল্লারপুর থানার দক্ষিণ গ্রামে। ওই বিজেপি প্রার্থীর হাত-পা কেটে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে আগের দুটি ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অধীন দক্ষিণগ্রাম অঞ্চলের পাহানা গ্রামের ৭ নম্বর সংসদে বিজেপি প্রার্থী হয়েছেন মলুক কুমার বসু। দিন দুয়েক আগে ওই গ্রামে প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষতি হয়। গ্রামের ক্ষয়ক্ষতি দেখতে মঙ্গলবার ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি যান তিনি। অভিযোগ, সে সময় গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী রঞ্জিত দলুই, শৈলেন দলুই, তাপস দলুইরা মলুককে ধরে টানতে টানতে গ্রামের কালী মন্দিরে নিয়ে যায়। সেখানেই হাত-পা কেটে নেওয়ার ফতোয়া দেয়। সেসময় তাঁর চিৎকারে গ্রামের মহিলারা ছুটে এসে তাঁকে রক্ষা করে বলে দাবি মলুকের। তিনি বলেন, “ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সমস্ত বাড়ি ঘুরে ওই এলাকায় আমার ভাইয়ের পোল্ট্রি ফার্ম দেখতে যাই। সেসময় ওই তিনজন পরিষ্কার জানিয়ে দেয় ভোট করা যাবে না। তাঁরা উন্নয়ন করছে। ভোট চাওয়ার অধিকার একমাত্র তাদেরই। এই কথা বলতে বলতে তিনজনে আমাকে কালী মন্দিরের দিকে টানতে টানতে নিয়ে যায়। তাপস, শৈলেনকে নির্দেশ দেয় দা আনতে। তারপর হাত পা কাটার হুমকি দেয়। আমি ভয় পেয়ে চিৎকার শুরু করে দিই। আমার চিৎকার শুনে মহিলা ছুটে এলে আমাকে ওরা ছেড়ে দেয়। তবে হুমকি দেয় মনোনয়ন প্রত্যাহার করে না নিলে প্রাণে মেরে ফেলবে”। এই মর্মে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায় বলেন, “মনোনয়ন আটকাতে তৃণমূল অনেকটা চেষ্টা করেছিল।এবার প্রতিদিন কোথাও না কোথাও মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে। মারধর করছে। এনিয়ে তিনটি অভিযোগ দায়ের করা হলেও একজনকেও গ্রেফতার করেনি পুলিশ”।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news