নীল রায়:
ভাটপাড়া যুদ্ধের শেষ হাসি হাসলেন অর্জুন সিং। মঙ্গলবার পুরসভার চেয়ারম্যান নির্বাচন হলে ২৬-০ ভোটে জয়ী হয় বিজেপি। নতুন চেয়ারম্যান হলেন অর্জুন ঘনিষ্ঠ সৌরভ সিংহ। ৩৫টি ওয়ার্ড নিয়ে গঠিত ভাটপাড়া পৌরসভা বর্তমানে দুটি ওয়ার্ড কাউন্সিলর বিহীন রয়েছে। বাকি ৩৩ জন কাউন্সিলরের মধ্যে এদিনের ভোটাভুটিতে অংশ নেননি তৃণমূলপন্থী ৬ জন কাউন্সিলর সহ সিপিএমের একজন। তৃণমূলের পক্ষে কেবলমাত্র উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভা দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সোমনাথ তালুকদার। বিজেপির হয়ে ২৬ জন কাউন্সিলর উপস্থিত থেকে ভোটদান করলে পুরসভাটি জিতে নেয় পদ্মফুল শিবির। রাজ্যের এই প্রথম কোনও পুরসভা সরকারি ভাবে দখল পেল গেরুয়া শিবির। নৈহাটি, হালিশহর ও কাঁচরাপাড়া পৌরসভার তৃণমূল কাউন্সিলররা বিজেপিতে যোগদান করলেও আনুষ্ঠানিক হাতবদল এখনও বাকি রয়ে গিয়েছে। তবে এই দলবদল নিয়ে তৃণমূলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে।
সোমনাথ তালুকদারের গোষ্ঠীর অভিযোগ নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের গাফিলতিতে ভাটপাড়া পৌরসভা পেয়ে গেল বিজেপি। তার যুক্তি ৮ এপ্রিল যখন অর্জুন সিংহের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল, তার তিন দিনের মধ্যেই পুর আইনমাফিক নতুন চেয়ারম্যান বসালে অন্তত ৬ মাস আইনগত ভাবে আর কিছু করার থাকত না। তবে রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে কোনও পুরসভার দখল ছেড়ে দেবেন না। নবান্নের পক্ষ থেকে চেষ্টা হবে ভাটপাড়া পৌরসভা প্রশাসক বসিয়ে চেয়ারম্যানের ক্ষমতা খর্ব করার। তা ভাটপাড়া নিয়ে এখনও অনেক খেলা বাকি বলেই মনে করছে ব্যারাকপুরবাসী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news