নিজস্ব সংবাদদাতা:
রাজ্য বিজেপিতে (BJP) ক্ষমতার হস্তান্তর?
কিছুদিন আগে সরসঙ্ঘচালক মোহন ভাগবত (Mohon Bhagabat ) এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার বিজেপি অধ্যক্ষ অমিত শাহ (Amit Shah )কলকাতা ঘুরে যাওয়ার পরেই এই সম্ভাবনার খবর আবার সামনে এসেছে।
কিরকম সেই পরিবর্তন? শোনা যাচ্ছে রাজ্য বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব এবার সম্পূর্ণ ভাবে অরবিন্দ মেননের ওপর বর্তাবে। সেক্ষেত্রে কৈলাস বিজয়বর্গীকে অন্য দায়িত্ব দেওয়া হতে পারে। মেননের সহকারী হিসেবে, অর্থাৎ রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক হিসেবে মুকুল রায়ের নাম ভাবা হচ্ছে। উলুবেড়িয়ায় সঙ্ঘের সভায় মোহন ভাগবত দল পরিচালনায় বা কৌশল নির্ধারণে মুকুলের লাইনকেই সমর্থন করেছেন বলে খবর। আবার নেতাজি ইনডোরে এসে অমিত শাহ স্পষ্ট বলেছেন, শুধু আবেগ দিয়ে নয়, দল চালাতে কৌশলও লাগে। এমনকি তৃণমূলকে যাঁরা চেনেন, জানেন তাঁদের ওপর ভরসা করার কথাও বলেছেন অমিত। অমিতের এই বক্তব্য মুকুলকে ইঙ্গিত করে বলা বলেই অনেকের ধারনা।
রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে (Subrata Chattopadhyay) দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার কথাও অনেকদিন ধরে শোনা যাচ্ছে। তাঁর জায়গায় সঙ্ঘের নেতা ড. জিষ্ণু বসুর (Jishnu Basu ) নাম শোনা যাচ্ছে। তবে নিশ্চিত ভাবে এই বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না, বা বলছেন না। সুব্রত চট্টোপাধ্যায়কে অব্যহতি দিলে জিষ্ণু বসু ছাড়াও যে নামগুলি রয়েছে তার মধ্যে বিধান কর (Bidhan Kar) অন্যতম। মোদী ঘনিষ্ঠ সঙ্ঘের এই নেতাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হলেও হতে পারে।
সভাপতি দিলীপ ঘোষ যেমন আছেন আপাতত তেমনই থাকবেন। কার্যকরী সভাপতি হিসেবে একজনকে নিয়োগ করবে বিজেপি। এখনও পর্যন্ত যা ঠিক হয়ে আছে একুশের নির্বাচনে এই কার্যকরী সভাপতির মুখ সামনে রেখেই লড়বে বিজেপি। এমন একজনকে এই পদের জন্য ভাবা হয়েছে যিনি সঙ্ঘের আদর্শ সম্পর্কে সচেতন আবার তৃণমূলের কর্ম পদ্ধতি সম্পর্কেও তাঁর সম্যক ধারণা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তিনি ঘনিষ্ঠ ভাবে চেনেন ও জানেন আবার সরসঙ্ঘচালক মোহন ভাগবতেরও তিনি স্নেহভাজন। শিক্ষিত, মার্জিত, সুবক্তা ও সুলেখক। এ হেন ব্যক্তিকে সামনে এনেই রাজ্য বিজেপিতে বড় বদল আনতে চলেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
প্রাথমিক ভাবে এই বদল পুজোর আগেই হওয়ার কথা ছিল। কিছু বিশেষ কারণে বদলের সময় কিঞ্চিত পিছিয়েছে। নভেম্বরই মুরলীধরে নতুন হাওয়া লাগবে— এমন কথাই ভেসে বেড়াচ্ছে শারদ বাতাসে।
তাহলে কি রাজ্য বিজেপিতে নভেম্বর বিপ্লব?
উত্তর পেতে অপেক্ষা করতেই হবে এই পুজোর মরসুমে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news