নীল রায়।
আক্রান্ত হলেন বিজেপি (BJP) সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার সাংসদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল কুমারগঞ্জ এবং বালুরঘাটে। কিন্তু, বুধবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগ উঠেছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সিঁড়িতে বসে ধরনা বালুরঘাটের বিজেপি সাংসদ। জানা গিয়েছে, অভিনন্দন যাত্রার সমর্থনে এদিন বিকেলে কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকায় একটি স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়। সেখানে হাজির ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার সহ নেতারা। স্ট্রিট কর্নার চলাকালীন একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ।
দুষ্কৃতীদের হামলায় বিজেপি জেলা নেতৃত্ব-সহ প্রায় ৯ জন জখম হয়েছেন বলে অভিযোগ। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বরাহার হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। এদিন সন্ধ্যায় বালুরঘাটে (Balurghat) ফিরে বিজেপি নেতা কর্মীদের নিয়ে বিক্ষোভ করে জেলা পুলিশ সুপারের দপ্তরে ঢুকতে যান সাংসদ। সেখানেই পুলিশি বাধার মুখে পড়েন তিনি। চলে দু’পক্ষের বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তি। শেষে ব্যারিকেড খুলে দিলে সাংসদ-সহ কয়েকজন বিজেপি নেতা সাক্ষাৎ করেন জেলা পুলিশ সুপারের সঙ্গে। তাতেও দোষীদের গ্রেপ্তার করা হয়নি বলেই অভিযোগ বিজেপির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news