নিজস্ব সংবাদদাতা:
বিজেপি করলে মুণ্ডু কাটা যাবে, এমন হুমকি পোস্টারে চাঞ্চল্য ছড়ালো মধ্যমগ্রামে। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের পাটুলি শিবতলা এলাকায়। স্থানীয় সেলুন দোকানের মালিক গোকুল শীল সকালে দোকান খুলতে গিয়ে দেখেন তাঁর দোকানের ঝাপের উপরে সাদা কাগজে লাল কালিতে লেখা, “বিজেপি করলে মাথা কেটে নিয়ে যাবো”।

কে বা কারা রাতের অন্ধকারে এমন পোস্টার লিখে গিয়েছে তা অবশ্য জানা যায়নি। পোস্টারের লেখার তলায় কোনও সংগঠনের নাম নেই। তবে বিজেপির অভিযোগ, এলাকায় রাজনৈতিক দাঙ্গা বাধানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রসের সমর্থকেরা, সে কারণেই এমন পোস্টার। এলাকার তৃণমূল কাউন্সিলর অবশ্য অন্য কথা বলেছেন। তাঁর মতে, এটা বিজেপির চক্রান্ত।
পরে মধ্যমগ্রাম থানার পুলিশ এসে পোস্টারটি নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news