নীল রায়।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিলিগুড়ির বিজেপি (BJP) জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর। শুক্রবার দ্বিতীয়বারের জন্য শিলিগুড়ির জেলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। ফের দায়িত্ব নিয়েই রাতে কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্য রওনা হন তিনি। শনিবার ভোররাতে গাড়ির সামনে কুকুর বা কোনও প্রাণী চলে এসেছিল। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অভিজিতের গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। দুর্ঘটনায় গুরুতর আহত হন সেই বিজেপি নেতা।
ভোরবেলা মুর্শিদাবাদ জেলার ভাকুড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটলে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলিগুড়ি বিজেপি সভাপতিকে নিয়ে যাওয়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ওই গাড়িতে থাকা চারজনকে।
দলীয় নেতার মৃত্যুর খবর পাওয়া মাত্রই বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ হাসপাতালে আসেন। এছাড়াও হাসপাতালে হাজির হয়েছেন অন্যান্য স্থানীয় বিজেপি নেতৃত্বরা। অভিজিতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিজেপি নেতা-কর্মী মহলে। প্রথম জীবনে কংগ্রেস করলেও, ২০১৬ সালে যোগ দেন বিজেপিতে। সভাপতি পদে থেকে লোকসভা ভোটে উত্তরবঙ্গের আসনগুলিতে বিজেপি জয় পেতে অগ্রণী ভুমিকা ছিল তাঁর। তাই শুক্রবার ফের শিলিগুড়ির সভাপতি করা হয়েছিল বছর ৩৭-এর এই নেতাকে। কিন্তু, নতুন ইনিংস শুরু করার আগেই দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news