নীল রায়।
তৃণমূলের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করল বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার শিলিগুড়ি সাইবার থানায় (Siliguri Cyber Police Station) গিয়ে একটি অভিযোগ দায়ের করেন তাঁরা। বিজেপির অভিযোগ, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি সরিয়ে সেখানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি লাগিয়ে অপপ্রচার করেছে তৃণমূল নেতৃত্ব। সাইবার থানা থেকে জানানো হয়েছে, একটি অভিযোগ দায়ের হয়েছে। প্রকৃত ঘটনা কী হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলাও করা হতে পারে।
প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সম্বলিত ব্যানার দেওয়া হয়। অভিযোগ, মূল ব্যানার থেকে অভিষেকের ছবি সরিয়ে বিকৃত করে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছবি লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। অনেকেই ঘটনার নিন্দা করেছেন। তবে কট্টর তৃণমূলপন্থীরা বিষয়টি নিয়ে পালটা প্রচার করা শুরু করেন। সেখানেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে সংঘাত হয়েছে বিজেপির।
যুব মোর্চার শিলিগুড়ি সাংগাঠনিক জেলার পক্ষে জানানো হয়েছে, ১২ জানুয়ারি যুব তৃণমূলের তরফে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর একটি মিছিল হয়। বিবেকানন্দের জায়গায় তৃণমূল (TMC) সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে প্রথমে স্বামীজিকে অপমান করা হয়েছে। পরে নিজেদের ভুল ঢাকতে দিলীপ ঘোষের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় নোংরা রাজনীতি করছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news