নীল রায়। “কাটমানি নিয়ে তাঁর বক্তব্যকে বিকৃত করেছে বিজেপি!” এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল ভবনে বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কমিটির নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সূত্রের খবর, সেখানেই কাটমানি নিয়ে বৈঠকে এমন মন্তব্য করেন মমতা। বৈঠকে তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্যের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিজেপি তাঁর বক্তব্যকে বিকৃত করে পেশ করেছে। আসলে তিনি বলতে চেয়েছিলেন সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে যেন কোনও অসুবিধা না হয়। এই বিষয়টি দলের নেতাদের দেখতে বলেছিলেন মাত্র। প্রসঙ্গত, গত মাসে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টতই বলেন, দলের নেতারা সর্বস্তরে কাটমানি খেয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর সাধের সমব্যথী প্রকল্পের ২০০০ টাকার মধ্যে ২০০ টাকা খেয়েছেন নীচুতলার তৃণমূল নেতারা। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য প্রকাশ্যে আসার পরেই রাজ্যজুড়ে তৃণমূলের সর্বস্তরের নেতারা স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন। কাটমানি আদায়ের নামে তাঁদের বাড়ি ঘেরাও করে ফেরতের দাবি তুলেছেন আমজনতা। বিষয়টি কার্যত বুমেরাং হচ্ছে দেখে এদিন এমন মন্তব্য করেছেন মমতা, মত রাজনৈতিক মহলের। কিন্তু কাটমানি বক্তব্যের দায় বিজেপির ওপর চাপিয়ে আদৌ কি তৃণমূলের নেতারা রক্ষা পাবেন? প্রশ্ন উঠছে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news