চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিজেপির (BJP) বুথ সভাপতি স্ত্রীর ওপর হামলা চালানোর তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিষ্ণুপুর থানা এলাকার রঘুদেবপুর গ্রামে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সোমবার সকালে এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে পরিচিত প্রায় ১০-১৫ জন যুবক চড়াও হন অরুণ নস্করের বাড়ি। অরুণ এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অরুণ সেই সময় বাড়ি ছিলেন না। ওই দুষ্কৃতীরা অরুণের স্ত্রী রাধারানিকে গালিগালাজ করে। প্রতিবেশীর অভিযোগ, ‘‘ওই দুষ্কৃতীরা সবাই সশস্ত্র ছিল। এক জন রাধারানির মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করলে আত্মরক্ষা করতে হাতের কাছে থাকা একটা ঝাঁটা দুষ্কৃতীদের দিকে ছুড়ে মারেন রাধারানি।” এর পরেই তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাধারানি। গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছন এলাকার বাসিন্দারা। তাঁদের দেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার কথা জানতে পেরেই একটি ভিডিও বার্তা প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “৪ সেপ্টেম্বর রাজ্যে গণতন্ত্র বাঁচাও কর্মসূচির পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতৃত্বের বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে। কোথাও বিজেপি কর্মীরা খুন হচ্ছেন, কোথাও আক্রান্ত হচ্ছেন। রাজনৈতিক হিংসাকে নিজেদের হাতিয়ার কর্মসূচি বানিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনা তথাকথিত নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে এই হামলা হয়েছে। উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা শাহজাহানের নেতৃত্বে বিজেপি পার্টি অফিস ভাঙ্গা হচ্ছে। খড়দহ আমাদের কর্মীকে গুলি করা হয়েছে। কালনায় আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে। প্রতিদিন কোথাও-না-কোথাও বিজেপি আক্রান্ত হচ্ছেন। পুলিশ প্রশাসন নির্বিকার, সামনে এই সংস্থার হামলার ঘটনা ঘটে চলেছে।”
দুষ্কৃতীদের শাসানি ও গুলির শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের মানুষজন। তাঁরাই ওই বধূকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় ওই নার্সিংহোম থেকে কলকাতায় রেফার করে দেওয়া হয় তাঁকে। নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই দুপুরে তাঁর মাথায় অপারেশন করেন ডাক্তাররা। ওই বধূর অবস্থা এখনও সঙ্কটজনক বলে জানা গিয়েছে। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ। পরিস্থিতি সামাল দিতে ডিএসপি জীবনেশ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, এলাকা দখলের জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যখন তখন হামলা চালাচ্ছে। তাঁদের আক্রমনের নিশানা হচ্ছে বাড়ির মহিলারাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news