চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হেমতাবাদের বিজেপি (BJP) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলে উত্তরবঙ্গে বনধের ডাক দিয়েছিল। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বন্ধে ভালোই সাড়া পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বনধ সমর্থনকারীদের সঙ্গে প্রশাসনের গোলমালের খবর মিলেছে কোচবিহার থেকে। বালুরঘাট, জলপাইগুড়ি স্বাভাবিক থাকলেও কোচবিহার, রায়গঞ্জ, মালদহ প্রায় শুনশান। বন্ধ দোকানপাট, রাস্তায় যান চলাচলও প্রায় স্তব্ধ। মালদহে ৩৪নং জাতীয় সড়কে (NH 34) গেরুয়া শিবিরের কর্মীদের অবরোধ। সন্ধে ৬ টা পর্যন্ত বনধ সফল করতে কর্মীরা পথে থাকবেন বলে জানিয়েছেন।
সোমবার সকালে রায়গঞ্জের বিন্দোলে একটি চায়ের দোকান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy) মৃতদেহ। রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে প্রতিবাদপত্র দেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পরে কলকাতায় পদযাত্রা করে উত্তরবঙ্গে বন্ধের কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। বুধবার রাজ্যের বিভিন্ন থানায় ডেপুটেশন কর্মসূচি নিয়েছে বিজেপি। এদিন সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছেন বিজেপি কর্মীরা। সাতসকালে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের ঘুঘুমারি এলাকা। অভিযোগ, সরকারি বাসস্ট্যান্ডে বাস ভাঙচুর করেন গেরুয়া শিবিরের কর্মীরা। বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল। অন্যদিকে, মালদহেও সকাল থেকে অশান্তি। পুরাতন মালদহে রাজ্য সড়কে বসে পড়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বনধের ভাল প্রভাব পড়েছে। রায়গঞ্জ শহরে বাইক মিছিল করেন বিজেপি কর্মীরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (North Bengal State Transport Corporation) দু, একটি বাস চললেও রাস্তাঘাট প্রায় শুনশান। অশান্তি এড়াতে মোতায়েন পুলিশ পিকেট। তবে বনধের প্রায় কোনও প্রভাব পড়েনি বালুরঘাট, জলপাইগুড়ি, ধূপগুড়িতে। সেখানে স্বাভাবিক জনজীবন। রাজ্য সরকারের প্রশাসন বন্ধ ব্যর্থ করতে সবরকম চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news