প্রসেনজিৎ ধর:
বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত ওই বিজেপি সমর্থককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনা আরামবাগের। সূত্রের খবর, ভোট পরবর্তী অশান্তি অব্যাহত আরামবাগ মহকুমা জুড়ে। সম্প্রতি এক বিজেপি নেতাকে ব্যাপক মারধর করা হয় সেখানে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশি টহল দিচ্ছে ওই এলাকায়। জানা গিয়েছে, আরামবাগের গোঘাট থানার শ্যামপুর এলাকায় আক্রান্ত হন বিজেপি নেতা মুক্তারাম খাঁ। গুরুতর আহত বিজেপি নেতাকে আরামবাগ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বিজেপি নেতা বদনগঞ্জ বাজার এলাকাতে একটি দোকানে বসেছিলেন, তখন বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে। বিজেপি নেতাকে বাজার থেকে তুলে নন্দীপুকুর পাড়ের শ্মশানে নিয়ে গিয়ে শ্মশানের পোড়া কাঠ, লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শাসক দল অভিযুক্ত হলেও তারা তা অস্বীকার করে। এদিকে বিজেপির স্থানীয় নেতার উপর হামলার অভিযোগে গোঘাট থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির।
আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায় বলেন, ‘লোকসভা ভোটপর্ব শেষ হতেই আমাদের কর্মী নেতাদের ওপর আক্রমণ চালাচ্ছে তৃণমূল। এলাকায় সন্ত্রাস তৈরি করছে । পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমরা লিখিতভাবে হুগলি জেলার পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিয়েছি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news