ওয়েব ডেস্ক:
বিশ্বভারতীতে নজিরবিহীন গোলমাল। ফি বৃদ্ধির প্রতিবাদে রাতভর ঘেরাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ বেশ কয়েকজন অধ্যাপক। ছাত্রছাত্রীদের বিক্ষোভে ক্যাম্পাসের লিপিকা প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় বন্দি থাকতে হয় তাঁদের। এমনকী এই ঘটনায় কয়েকজন অধ্যাপক অসুস্থ হয়ে পড়েন বলেও খবর। উল্টো দিকে ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে।
মঙ্গলবারই ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হন ছাত্রছাত্রীরা। এরপর পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য সহ বিশ্বভারতীর আধিকারিকরা। সেই বৈঠকে বিকেল ৩টে পর্যন্ত কোনও সমাধান না হওয়ায় লিপিকা প্রেক্ষাগৃহে উপাচার্য সহ আধিকারিকদের আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।
প্রসঙ্গত, আগেই পড়ুয়ারা তাঁদের দাবিতে একটি লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছিলেন। তার পরিপেক্ষিতেই মঙ্গলবার আলোচনায় বসেন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ভর্তির ক্ষেত্রে বিশ্বভারতীতে চলতি বছর থেকে সাধারণ পড়ুয়াদের ফি দ্বিগুণ, সার্ক দেশের পড়ুয়াদের ফি পাঁচ গুণ ও বিদেশি পড়ুয়াদের ফি দশ গুণ বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। একবারে এতখানি ফি বৃদ্ধিতেই চটেছেন পড়ুয়ারা। এর ফলেই তাঁরা ফি কমানোর দাবিতে আন্দোলনে নামেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news