নীল রায়:
১২-১৪টি কংগ্রেসকে ছেড়ে তৃণমূল-বিজেপি বিরোধী জোট করতে চায় বামফ্রন্ট। ২০১৬ সালের বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট মুখ থুবড়ে পড়লেও লোকসভা ভোটে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চায় সিপিএম। কিন্তু সেক্ষেত্রে তাদের প্রধান অন্তরায় বামফ্রন্টের শরিক দলগুলি। যদিও সিপিআইয়ের পক্ষ থেকে স্বপন বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বর্ষিয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করে জোটের ক্ষেত্রে তাঁদের সম্মতির কথা জানিয়ে দিয়েছেন। বামফ্রন্টের অন্দরে তাঁরা জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে জোটের ক্ষেত্রে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু আপত্তি তুলেছে মূলত আরএসপি ও ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্টের নিয়মানুযায়ী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সিপিএম ৩২টি, আরএসপি ৪টি, ফরওয়ার্ড ব্লক সিপিআই তিনটি করে আসনে লড়াই করত এতদিন। কিন্তু কংগ্রেসকে সঙ্গে করে জোট করতে গেলে প্রত্যেক দলকে নিজ নিজ ভাগ থেকে আসন ছাড়তে হবে। তাতে একেবারেই রাজি ছিল না ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। সম্প্রতি বামফ্রন্টের ঘরোয়া বৈঠকে আরএসপিও জোটের ব্যাপারে সায় দিয়েছে। কিন্তু কোনও ভাবেই নিজেদের দাবি ছাড়তে রাজি নয় ফব।
সূত্রের খবর, আরএসপি জন্য বরাদ্দ বহরমপুর ও জয়নগর আসন জোটের স্বার্থে তাঁরা আত্ম বলিদান দিতে তৈরি। কিন্তু নিজেদের জন্য বরাদ্দ কোচবিহার, পুরুলিয়া ও বারাসাত নিয়ে কোনওরকম আপোষে রাজি নয় ফরওয়ার্ড ব্লক। এমতাবস্থায় সিপিএম নেতৃত্ব ১২ থেকে ১৪টি আসন কংগ্রেসকে ছেড়েই জোটের চাইছে। তবে তাঁদের একটি যুক্তি হল যে আসনে ২০১৪ সালে যিনি জিতেছিলেন তাঁকেই সেখানে প্রার্থী করতে হবে। সেক্ষেত্রে রায়গঞ্জে মহম্মদ সেলিম ও মুর্শিদাবাদ কেন্দ্রে বদরুদ্দোজা খান সিপিএমের প্রার্থী। আপাতত ২৫ ফেব্রুয়ারি আলিমুদ্দিনে চার শরিকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news