Breaking News
Home / TRENDING / বেসরকারি স্কুলের ‘উৎপাত’ ঠেকাতেই সরকারি ইংরেজি মাধ্যম: শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুলের ‘উৎপাত’ ঠেকাতেই সরকারি ইংরেজি মাধ্যম: শিক্ষামন্ত্রী

নীল রায়:

“বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির উৎপাত ঠেকাতে সরকারি ইংরেজি মিডিয়াম স্কুল চালু করল রাজ্য সরকার।” এমনটাই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ‌ শনিবার বেহালার সৌরেন্দ্রনাথ বিদ্যাপীঠ প্রথম সরকারি ইংরেজি মাধ্যম স্কুল পথ চলা শুরু করল। সেই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলেন, “বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির উৎপাত ঠেকাতেই সরকারি উদ্যোগে এই প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল চালু হল। আগামী দিনের এই ধরনের আরও ১০০ টি স্কুল চালু করবে রাজ্য সরকার।” রাজ্য শিক্ষা ব্যবস্থার ম্লান পরিস্থিতির জন্য বিগত বামফ্রন্ট সরকারকে দায়ী করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “তৎকালীন সরকার মাতৃভাষাকে মাতৃদুগ্ধ বলে দেখিয়ে ইংরেজি শিক্ষাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিল। ফলে বাংলা ভাষাতেও আমরা পিছিয়ে গিয়েছি। এবং ইংরেজি ভাষাও শিখে উঠতে পারিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর। সেই পদক্ষেপ হিসেবে এই স্কুল চালু করা হচ্ছে।”

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বেসরকারি স্কুলগুলি দাপাদাপির ঘটনা কোনও নতুন বিষয় নয়। ‌মোটা টাকা ডোনেশন নিয়ে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া সেখানে, তথা স্কুলের মাসিক বেতন ও নানা আনুষঙ্গিক খরচ আদায়ের নামে অভিভাবকদের থেকে প্রচুর অর্থ নেওয়ার অভিযোগ ওঠে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির বিরুদ্ধে। বছর কয়েক আগে এই ধরনের স্কুলগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। যা তিনি এক সরকারি অনুষ্ঠানে ক্ষোভের সুরে বলেও ফেলেছিলেন। তারপর সরকারের পক্ষ থেকে বেসরকারি স্কুলগুলিতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হলেও তা মানা হয়নি। ‌বাধ্য হয়েই এবার সরকারি উদ্যোগে ইংলিশ মিডিয়াম স্কুল চালু করল শিক্ষা দপ্তর। প্রথম বিদ্যালয় হিসেবে সুরেন্দ্রনাথ বিদ্যাপীঠ কাজ করা শুরু করল এদিন।

প্রসঙ্গত, সৌরেন্দ্র নাথ বিদ্যাপীঠ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের অংশ। আবার কলকাতা পুর নিগমের মেয়র পরিষদ (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায়ের ১৩০ নম্বর ওয়ার্ডে অবস্থিত। সরকারি বাংলা মাধ্যম স্কুলের মতো এখানে মাত্র ২৪০ টাকা মাসিক বেতনের ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়েছে।‌ নার্সারি ও প্রথম শ্রেণিতে ৮০ জন করে মোট ১৬০ জন ছাত্রছাত্রী এই নতুন ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শুরু করবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকদের এনে এখানে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হবে। সঙ্গে এই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তবে লোকসভা ভোটের আগে দক্ষিণ কলকাতায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুল চালু নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার ভোটের রাজনীতি করেছে বলে অভিযোগ উঠছে বিরোধী রাজনৈতিক শিবির থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *