চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিজেপি (BJP) ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের নেতা বিপ্লব মিত্র (Biplab Mitra)। তাঁর সঙ্গেই শাসকদলের ফিরে এলেন তাঁর ভাই প্রশান্ত মিত্র। গত বছর লোকসভা ভোটের পর তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিলে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিপ্লব মিত্র। কিন্তু দীর্ঘ এক বছরের বেশি সময় বিজেপিতে থাকা সত্বেও কোনও গুরুত্ব পাননি বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি। রাজ্য রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও কোন পদে কাজ করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিপ্লব, এমনটাই সূত্রের খবর। শুক্রবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে তাদের দলে ফিরিয়ে নেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
তৃণমূলে ভিড়ে বিপ্লব বলেন, “মাঝে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আবার তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দিয়ে আমি ঘরে ফিরলাম। আমাদের বিরুদ্ধে যে সমস্ত চক্রান্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করে সেই সব চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই হবে আমার কাজ।” প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ পরাজিত হলে দলের রোষানলে পড়েন বিপ্লব ও প্রশান্ত। বিপ্লব মিত্রকে যেমন জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়, বালুরঘাট পৌরসভা চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁর ভাই প্রশান্তকে। তারপরই তাঁরা যোগ দেন বিজেপিতে।
তবে মাস ছয়েকের মধ্যেই মোহভঙ্গ হয় প্রশান্ত ও বিপ্লবের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তাদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। ঠিক ছিল এপ্রিল মাসেই তৃণমূলে ফিরবেন তারা। কিন্তু, শেষ পর্যন্ত করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের জেরে লকডাউন (Lockdown) হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। করোনা ভাইরাসের সংক্রমনের বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিয়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিপ্লব মিত্র। তবে বিপ্লব মিত্র এভাবে দল ছেড়ে দেওয়ায় বিজেপির একাংশ দায়ী করছে ক্ষমতাসীন গোষ্ঠীকে। তাদের কথায়, রাজ্য বিজেপিতে ক্ষমতা দু একজনের হাতে কুক্ষিগত করে রাখা হয়েছে। ফলে অনেকটা স্বৈরাচারী কায়দায় চালিত হচ্ছে রাজ্য বিজেপি। যারা তৃণমূল (TMC) থেকে বরিষ্ঠ নেতা হিসেবে যোগদান করছেন উপযুক্ত সম্মান বা পদ কোনওটাই দেয়া হচ্ছে না। হতাশ হয়েই তারা তৃণমূলে ফিরে যাচ্ছেন। যা বিজেপির পক্ষে মোটেই সুখবর নয়।
অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, সিপিএমের প্রাক্তন সাংসদ মঈনুল হাসান ও ডেপুটি স্পিকার সোনালী গুহর স্বামী পার্থ বসুকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news