নীল রায়। লোকসভা ভোটে বিপর্যের জেরে বড়সড় রদবদল কোচবিহার তৃণমূল কংগ্রেসে। শুক্রবার জেলা সভাপতির পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে সরিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন দফতর বিহীন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ। কার্যকরী সভাপতি করা হয়েছে কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে। রবীন্দ্রনাথ ঘোষের কথাতেই মুখ্যমন্ত্রী লোকসভা ভোটে টিকিট দেননি পার্থপ্রতিমকে। ভোটের প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো পার্থপ্রতিমকে সাংগঠনিক কাজে লাগানোর কথা বলে এসেছিলেন। এবার তাঁকে সংগঠনের দায়িত্বে আনা হল। পার্থপ্রতিম রায় এতদিন কোচবিহার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। শুধু লোকসভা ভোটে হারের কারণেই নয়, তৃণমূল জেলা নেতৃত্বের বেশিরভাগের সঙ্গেই সুসম্পর্ক নেই রবি ঘোষের। এছাড়াও, বিধায়ক উদয়ন ঘোষ , মিহির গোস্বামী , হিতেন বর্মনদের সঙ্গে রবি ঘোষের সম্পর্কের অবনতির জেরেই তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী পরাজিত হয়েছেন বলে মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই সব ঘটনার জেরে রবীন্দ্রনাথ ঘোষের ওপর খড়গহস্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news