নীল রায়:
রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দিন কমিয়ে ৩ দিন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন বলে দাবি করেছেন পরিষদীয় রাজনীতির বিশেষজ্ঞরা। জানা গিয়েছে ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের সূচনা হবে। সেই দিন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁর বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করবেন। ওই দিনই শোক প্রস্তাব আনা হবে বিধানসভায়। ২-৩ ফেব্রুয়ারি শনি ও রবিবার থাকায় বিধানসভার অধিবেশন হবে না।
বিধানসভা সূত্রে খবর ৪ তারিখ সোমবার রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ৫ তারিখ বাজেট নিয়ে আলোচনার জন্য একদিন রাখা হয়েছে। সূত্রের খবর পরিষদীয় মন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় এমনই নির্দেশ পাঠিয়েছেন। বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রায়ই অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্রের স্তম্ভ বিধানসভাকে মানছেন না। মমতার সাত বছরের জমানায় বিধানসভার দিন সংকুচিত করা হয়েছে অস্বাভাবিক হারে। এই ঘটনা তারই প্রমাণ বলে দাবি করেছে কংগ্রেস পরিষদীয় দল। প্রসঙ্গত গত দু’বার মোদী সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে কেন্দ্রীয় বাজেট একদিন আগে রাজ্য বাজেট পেশ করেছেন মমতা। এবার কেন্দ্রে অন্তর্বর্তীকালীন বাজেট থাকায় সংঘাত হবে না।
১ ফেব্রুয়ারি দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল সংসদে বাজেট পেশ করার পরে ৪ তারিখে অমিত মিত্র রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন। কিন্তু বাজেট অধিবেশনের দিন এত কম কেন তা নিয়ে প্রশ্নের উত্তর দিতে চাইছেন না বিধানসভার কোনও আধিকারিক। বাজেট অধিবেশনের মেয়াদ কমিয়ে দেওয়া নিয়ে কোনও সদুত্তর নেই বলেই বিধানসভার আধিকারিকরা মৌনব্রত ধারণ করে আছেন বলে মনে করা হচ্ছে। বাজেট অধিবেশন নিয়ে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর একপ্রস্থ কথা হয়। পরে বিষয়টি নিয়ে স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গেও কথা বলে সুজনবাবু। এ প্রসঙ্গে তিনি বলেন “পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশনের দিন কমতে কমতে ৩৮-৪০ দিনে এসে ঠেকেছে। যা সম্ভবত সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম। যখন শাসক দল সাধারণ মানুষের কথা শুনতে চায় না তাদের সমস্যা নিয়ে আলোচনা করতে চায় না তখনই এই ধরনের ঘটনা ঘটে। আমরা কেন্দ্রীয় বিজেপিকে স্বৈরাচারী বলছি কিন্তু তারা এক মাসের বাজেট অধিবেশন রেখেছে এক্ষেত্রে আমরা চাইব রাজ্য সরকারও সেই বিষয়টি ভেবে দেখুন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news