নীল রায়:
কান্দি, নওদা, ইসলামপুর ও দার্জিলিংয়ে বিধানসভা উপনির্বাচনে কাদের প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস? তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে শাসক শিবিরে। কারণ এই আসনগুলি থেকে নানা রাজনৈতিক দল থেকে বিধায়করা পদত্যাগ করে তৃণমূলের প্রার্থী হয়েছেন। কান্দির অপূর্ব সরকার লড়াই করছেন একদা তাঁর রাজনৈতিক গুরু বহরমপুরের বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে। মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল প্রার্থী হয়েছেন নওদার বিধায়ক আবু তাহের খান। ইসলামপুরের কংগ্রেস বিধায়ক দলবদল করে জোড়াফুলের প্রতীকে প্রার্থী হয়েছিলেন রায়গঞ্জে। দার্জিলিং লোকসভা দখল করতে দার্জিলিংয়েরই বিধায়ক অমর সিংহ রাইকে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, শীর্ষ নেতৃত্ব জানিয়েছে এক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যের ৬ বিধানসভা এলাকায় নির্বাচনের হবে ১৯ মে। অতএব যা করার অতি শীঘ্র করতে হবে। রায়গঞ্জ ও দার্জিলিংয়ে ভোট হয়ে গিয়েছে ১৮ এপ্রিল। মুর্শিদাবাদে লোকসভা ভোট ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল ভোট হবে বহরমপুরে। অবশ্য উপনির্বাচনে লোকসভার প্রত্যাশীদের আবারও প্রার্থী করতেই পারে তৃণমূল। কিন্তু, তাদের প্রার্থী হিসেবে দাঁড় করালে প্রশ্ন উঠতে পারে তবে কি এই লোকসভা কেন্দ্রগুলিতে জয়ের ভরসা পাচ্ছে না শাসক দল? মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪২-এ ৪২-এর স্লোগান কি ফাঁকা আওয়াজ? তাই সেকথা মাথায় রেখে দোটানায় পড়েছে তৃণমূল নেতৃত্ব। এইসঙ্গে রাজ্যের আরও দুটি আসনে উপনির্বাচন হবে ভবিষ্যতে। ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ পদত্যাগ করে বর্তমানে ব্যারাকপুরে পদ্ম প্রতীকের প্রত্যাশী। মালদার হবিবপুরের সিপিএম বিধায়ক খগেন মুর্মু বিজেপির টিকিটে মালদা উত্তর কেন্দ্রে দাঁড়িয়েছেন। এই দুটি কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী নিয়ে তেমন সমস্যা নেই বলেই তৃণমূলের অন্দরমহলে খবর। কিন্তু, বাকি চারটি আসনে দলছুট বিধায়কদের আবারও প্রার্থী করা হবে কি না, তা নিয়ে দ্বিধাবিভক্ত শাসক শিবির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news