ওয়েব ডেস্ক:
কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন, নিজে উপস্থিত থেকে ভোট করাবেন তিনি। শেষ পর্যন্ত এমনই সিদ্ধান্ত নিলেন কমিশন নিযুক্ত স্পেশাল অবজার্ভার বিবেক দুবে। বুধবার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে ভোটের দিন কোচবিহারেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। জানা গিয়েছে, গাড়িতে করে বুথে বুথে ঘুরে ভোট পরিচালনা করতে পারেন তিনি। যেতে পারেন আলিপুরদুয়ারেও।
উল্লেখ্য, সকালেই কোচবিহারে যান বিবেক। সার্কিট হাউজে বৈঠক করেন জেলার আধিকারিকদের সঙ্গে। নয়া পুলিশ সুপার অমিত সিংহ-এর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। কেন্দ্রীয় বাহিনীর বণ্টন নিয়ে আলোচনা হওয়ার কথা। সূত্রের খবর, বাহিনী বণ্টন নিয়ে প্রাক্তন পুলিশ সুপারের সিদ্ধান্ত বদলের জোরালো সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার, ১১ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফায় ভোট। দুই জেলায় মোট বুথের সংখ্যা ৩৮৪৪টি। ২০১০টি বুথ কোচবিহারে। পুরনো পরিকল্পনা ছিল, ২০১০টির মধ্যে ১০৬০টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি ৯৫০টি বুথে রাজ্য পুলিশ ভোট করাবে।
এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। ৪৭ কোম্পানি বাহিনী আসা সত্ত্বেও কেন অর্ধেক সংখ্যক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে গেরুয়া শিবির। কড়া চিঠি দেন মুকুল রায়। এরপরই ভোটের একদিন আগে কোচবিহারের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিষেক গুপ্তাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news