নিজস্ব সংবাদদাতাঃ
হাওড়া: ফের ভুয়ো চিকিৎসক। বাগনানের জনবহুল এলাকায় একটি ওষুধের দোকানে বসে এই ভুয়ো চিকিৎসক রোগী দেখতেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাগনান থানার পুলিশ বাগনান বাসষ্ট্যান্ড এলাকা থেকে ওই ‘চিকিৎসক’কে গ্রেপ্তার করে। ধৃতের নাম রোহিত মল্লিক ওরফে শরীফ মল্লিক (৩২)। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়।
সূত্রের খবর আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা রোহিত মল্লিক অষ্টম শ্রেণী পাস। অভিযুক্ত যুবক পড়াশোনার পাট চুকিয়ে বেহালায় চলে আসে। অভিযোগ বেহালায় থাকাকালীন রোহিত স্থানীয় এক চিকিৎসকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। দীর্ঘদিন চিকিৎসকের অধীনে থাকাকালীন রোহিত নিজে চিকিৎসা করার পরিকল্পনা করেন। সেইমত মাস ৬ আগে বাগনান বাসষ্ট্যান্ড এলাকায় একটি ওষুধের দোকানে এসে নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে পরিচয় দেয়। এবং ওই ওষুধের দোকানে বসে প্র্যাকটিস শুরু করে।
অভিযোগ, বেশ কয়েকমাস চিকিৎসা করার সময় চিকিৎসকের চিকিৎসা পদ্ধতি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে বাগনান থানার পুলিশ ওষুধ দোকানে হানা দিয়ে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে। পুলিশের দাবি ধৃত নিজেকে ভুয়ো চিকিৎসক বলে স্বীকার করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news