নীল বণিক:
প্রতিবছর গঙ্গাসাগর, কুম্ভমেলা সহ দেশ জুড়ে নানা ধর্মীয় আয়োজনে তীর্থযাত্রীদের সহযোগিতায় তথা বিপদের সময় তাঁদের উদ্ধার কাজে থাকেন ভারত সেবাশ্রম সংঘের অসংখ্য সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। তেমনই এ বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের উদ্ধার কাজে দেড় হাজার ও এলাহাবাদের কুম্ভ মেলায় ৫০০ সাঁতারু নিয়োগ করেছে ভারত সেবাশ্রম সংঘ। আজ সোমবার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, তীর্থ যাত্রীদের গঙ্গাসাগরের যাত্রাপথে যাতে কোনও ধরনের অসুবিধা যাতে না হয় তাই পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে লট নম্বর এইট, কচুবেড়িয়া, নামখানা, চেমাগুড়ি ও গঙ্গাসাগর মেলায় স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি পয়েন্টে যাত্রীদের সুবিধার জন্য ডাক্তারখানা, ভ্রাম্যমান মেডিকেল ইউনিট এবং লাইফ জ্যাকেট পরিহিত সাঁতারু প্রস্তুত থাকবেন যে কোনও সমস্যার মোকাবিলায়। সংঘের ক্যাম্পের মাধ্যমে প্রতিদিন ১০ হাজার লোককে শুল্কহীন খাবার বিতরণ, গরিব ও দুঃস্থদের কম্বল দান, এমনকি রাত্রিবাসের ব্যবস্থাও করা হয়েছে।
জানা গিয়েছে সংঘের সাঁতারুরা পুরীর সমুদ্রতটে প্রশিক্ষণ নিয়েছেন। সেই প্রশিক্ষিত যুবকদেরই এই দুই মেলায় নিয়োগ করা হচ্ছে ।

এ বছর কুম্ভ মেলা শুরু হচ্ছে ১৫ জানুয়ারি। চলবে ৪ঠা মার্চ পর্যন্ত। সেখানেও যাঁরা পূন্যস্নান করতে আসবেন তাঁদের বিনামূল্যে ওষুধ, অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার সময় প্রশিক্ষিত সাঁতারুরা তো থাকবে বটেই। কুম্ভ মেলার দায়িত্বে থাকা স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, শুধু তীর্থযাত্রীদের সহযোগিতাই নয়, হিন্দু ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান দেবদেবীর মূর্তি এবং মডেলের মাধ্যমে তুলে ধরা হবে কুম্ভ মেলাতে। এছাড়া সুবৃহৎ মন্দির তৈরি করা হচ্ছে দেবাদিদেব মহাদেবের, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র এবং শ্রী গুরু ভগবান আচার্যদেবের। থাকবে অন্য দেবদেবীর মূর্তিও। রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী নিয়ে থাকবে সুসজ্জিত প্রদর্শনীও। মেলার ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিবেশকে সমৃদ্ধ করার জন্য প্রতিদিন থাকছে ভজন, কীর্তন, হোম, যজ্ঞ, ভক্তিগীতি, ধার্মিক এবং আধ্যাত্মিক প্রবচন, ভাগবত কথা, পুজা আরতি এবং প্রসাদ বিতরণ।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, তীর্থযাত্রীদের জন্য ১০ শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে স্যালাইন, ইসিজি ,অক্সিজেনের যেমন ব্যবস্থা থাকছে তেমনি ২৪ ঘন্টা ডাক্তার থাকবে। সংঘের কলকাতা, দিল্লি, জম্মু, বারানসি, পুষ্কর, এলাহাবাদ, গয়া, পুরী, বোম্বে সহ বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকেরা ইতিমধ্যেই রওনা হয়ে গেছে কুম্ভ মেলার উদ্দেশ্যে।
সংঘের এইসব কাজের পাশাপাশি থাকছে সাধুসন্ত পদযাত্রা। দেশ-বিদেশ থেকে যে সমস্ত সাধুসন্তরা এই কুম্ভ মেলায় আসেন তাঁদের থাকা খাওয়া এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানে সহযোগিতা করা হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news