ওয়েব ডেস্ক:
পার্টনারহীন ‘সৌরভ’। ‘শচীন’ এখনও ফেরেনি। শেষ খবর, সে বেঙ্গল সাফারির পিছনের গভীর জঙ্গলে গা ঢাকা দিয়েছে। যদিও কাল তাকে একবার শনাক্ত করা গেছিল। ‘শচীন’ নাকি জ্বলজ্বলে দৃষ্টিতে দেখা দিয়েছিল। সাফারি কর্মীরা তাকে নাগালে পায়নি।
বছরের প্রথম দিন পার্ক খোলার আগে নিয়ম মাফিক নজরদারী চালাতে গিয়েই কর্মীরা খেয়াল করেন লেপার্ড এনক্লোজার থেকে চিতা ‘শচীন’ উধাও। সঙ্গে সঙ্গে সতর্ক হন পার্কের কর্মীরা।
পাশেই রয়েছে হরিণ সহ অন্যান্য তৃণভোজী প্রাণীদের থাকার বিশাল ঘেরা এলাকা। সেখানেই কোথাও ‘শচীন’ লুকিয়ে? নাকি সে পার্কের ঘেরাটোপ পেরিয়ে লাগোয়া জঙ্গলে বা গ্রামের দিকে চলে গেছে, নিশ্চিত নন কর্মীরা। তবে জানা গিয়েছে, ‘শচীন’কে পাকড়াতে ৪টি হাতি, ঘুমপাড়ানি গুলি নিয়ে ছয়টি আলাদা দল বৈকুন্ঠপুরের বনাঞ্চলে নেমে পড়েছে।
পার্কের সহকারী পরিচালক অসীম চাকি আজ বলেন, “লেপার্ডটি কোন জায়গায় থাকতে পারে, তা বুঝতে পেরেছি, কিন্তু ওকে এখনও ট্রেস করা যায় নি।” এইসঙ্গে অসীমবাবু আরও বলেন, “লেপার্ড এমন প্রাণী, পাশে বসে থাকলেও টের পাওয়া কঠিন। তাই ওকে খুঁজে বের করার কাজটা শক্ত। তবে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আশা করছি খুব শিগগিরই খুঁজে পাওয়া যাবে।”
উল্লেখ্য, ‘সৌরভ’ আর ‘শচীন’ বছর খানেক ধরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এক সঙ্গে থাকে। কিন্তু পয়লা জানুয়ারি সকাল থেকে খোঁজ নেই ‘শচীনে’র। কর্মকর্তারা জানাচ্ছেন, চারটি লেপার্ডের থাকার জন্য যে ২০ হেক্টর ঘেরা জায়গা, তার বেড়া টপকে পালিয়েছে ‘শচীন’। পাশের একটি গাছে চড়ে লাফ দিয়ে প্রায় ২৫ ফুট বেড়া টপকিয়ে পালায় সে।
এদিকে বছরের শুরুতে চিতা পালানোর ঘটনায় আতঙ্কের পরিবেশে বন্ধ হয়ে গেছিল পার্কে প্রবেশ তথা সাফারি। তা আবার শুরু হল আজ। বুধবার লোহার জাল দিয়ে ঘেরা গাড়িতে বনরক্ষীদের পাহাড়ায় ফের শুরু হল বেঙ্গল সাফারি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news