চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনায় (Pradhanmantri Kishan Nidhi Yojna) রবিবার দেশের সাড়ে আট কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৭ হাজার ১০০ কোটি টাকা ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যথারীতি এই পাওনা থেকে বঞ্চিত হলেন পশ্চিমবঙ্গের কৃষকরা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগেই পিএম কিষান প্রকল্প শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে কেন্দ্রের থেকে সাহায্য পান কৃষকরা। আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্প থেকেও নাম তুলে নিয়েছিল নবান্ন। তাই দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা এই আর্থিক সুবিধা পেলেও, বঞ্চিত রইল বাংলা। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পর নরেন্দ্র মোদি বলেন, “অনেক কৃষক এখন মাঠে নতুন ফসল লাগিয়েছেন। অনেকে আবার সবে মাত্র ফসল ঘরে তুলেছিলেন। এই সময়ে এই টাকা তাঁদের খুবই কাজে লাগবে।” তিনি আরও বলেন, “এই সময়ে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানোটা ভীষণ জরুরি ছিল। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন।” কৃষকদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar)। তিনি বলেন, “কৃষিক্ষেত্রের গুরুত্বের উপর সর্বদা জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ক্ষেত্রের বিকাশ ও উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন।”
এদিন নাবার্ডের (Nabard) একাধিক কর্মকর্তার সঙ্গেও ভারচুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই এক লক্ষ কোটি টাকার তহবিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই অর্থ কৃষকরা ঋণ হিসেবে নিতে পারবেন। নাবার্ডের সঙ্গে এ নিয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মউ স্বাক্ষরিতও হয়েছে। প্রধানমন্ত্রীর কিষাণ যোজনারই অন্তর্গত এই তহবিল। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার ষষ্ঠ কিস্তির অর্থও নাবার্ডের অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, এই যোজনার মাধ্যমে সারা দেশের প্রায় দশ কোটি চাষি আর্থিক সুবিধা পান। এই ক্ষেত্রে ৭৫ হাজার কোটি টাকা খরচ হয় বলে দাবি।
ছবি সৌজন্য: এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news