নীল বণিক:
বিজেপির আইন অমান্যে উত্তপ্ত বসিরহাট। সোমবার বসিরহাটে জেলা বিজেপি কর্মীরা আইন অমান্য কর্মসূচী করে। সেই কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য শেষ হতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের লাঠিতে দশজন বিজেপি কর্মী আহত হন। বিজেপির মহিলা কর্মীরাও পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বলে দাবি বসিরহাট জেলা বিজেপির কার্যকর্তাদের।
অন্যদিকে পুলিশের অভিযোগ, জোর করে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মীরা । বাঁধা দিতে গেলে ব্যারিকেড তুলে পুলিশকে মারতে উদ্যত হয়। এরপর পুলিশকে লক্ষ্য করে ইঁট-বৃষ্টি হয়। এমনকী পুলিশের দাবি, এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। এরপরই নাকি পুলিশ লাঠিচার্জ করে। পরে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতারও করে পুলিশ।
প্রায় ৩০মিনিট ধরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে উত্তেজনা ছড়ায় বসিরহাটে। ঘটনার পর এলাকা ফাঁকা হয়ে যায়। এমনকি স্থানীয় ব্যাবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
এদিকে পুলিশের লাঠি চার্জের ঘটনায় জেলা প্রশাসনকে কাঠগড়ায় তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপির অনুষ্ঠানে পুলিশ দেখলে মনে হচ্ছে যুদ্ধ লেগেছে। অথচ রাজ্যের পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। তাই পুলিশ কাজ দেখাতেই বিজেপির মিছিলে লাঠি চার্জ করেছে বলে মনে করেন দিলীপ ঘোষ। দিলীপ আরও বলেন, আমার উপর লাঠিচার্জ হয়নি। ব্যারিকেড কে ভেঙেছে ও পুলিশকে কে মারধোর করেছে বলতে পারব না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news