নিজস্ব সংবাদদাতা:
বারুইপুরঃ অন্যায় ভাবে একজন ল’ক্লার্ককে বেধড়ক মারধোর ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে আদালতে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন শুরু করেছেন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর মহকুমা আদালতের সমস্ত ল’ক্লার্করা।
গত বুধবার সকালে বারুইপুর মহকুমা আদালতের এক আইনজীবী স্বপন রায় সরকার এই আদালতেরই ল’ক্লার্ক গৌরচন্দ্র নস্করের সেরেস্তায় ঢুকে বেধড়ক মারধোর করেন তাঁকে। ঘটনার পর আইনজীবীদের সংগঠন, বার এসোসিয়েশান সহ সমস্ত স্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি বলে জানিয়েছেন ল’ক্লার্করা। ক্ষমা চাওয়ার পরিবর্তে ওই আইনজীবী উল্টে হুমকি দিতে শুরু করেছে ল’ক্লার্ক গৌরচন্দ্র নস্করকে। সেই কারণেই শুক্রবার সকাল থেকেই বারুইপুর মহকুমা আদালতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করলেন প্রায় শ’তিনেক ল’ক্লার্ক।
এদিন আদালত চত্বরে মিছিলও করেন তাঁরা। এই ঘটনার জেরে এদিন আদালতের সমস্ত কাজেই বিঘ্ন ঘটে। ঘটনার জেরে বিপাকে পড়েছেন বিচারপ্রার্থীরা। যদিও এ বিষয়ে আইনজীবীদের সংগঠন বার এসোসিয়েশানের তরফ থেকে কিছু জানানো হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news