নীল বণিক :
অর্জুন সিংহ ও দীনেশ ত্রিবেদীর দূরত্ব ঘোচাতে আসরে নামতে হল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার দুই নেতাকে নবান্নে ডেকে পাঠান তৃণমূল নেত্রী। ব্যারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে তৃতীয়বার প্রার্থী করতে চায় তৃণমূল। কিন্তু ব্যারাকপুর কেন্দ্রে লোকসভায় প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন তৃণমূলের ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ। আসানসোলে টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অর্জুনকে। কিন্তু ব্যারাকপুর নিয়ে অনড়ই ছিলেন তিনি। টিকিট না পেয়ে অর্জুন সিংহ ভোটের আগে বিদ্রোহী হতে পারেন, এমনই ইঙ্গিত পেয়েছিলেন। দীনেশ ফের প্রার্থী হলে তৃণমূল ছাড়তে পারেন ভাটপাড়ার বিধায়ক।
এও শোনা গিয়েছিল, মঙ্গলবারই দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিতে পারেন অর্জুন সিংহ। তাঁর সঙ্গে বিজেপির অনেক কেন্দ্রীয় নেতার যোগাযোগ রয়েছে বলেই খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ভোটের আগে অর্জুন সিংহ বিদ্রোহী হলে ব্যারাকপুর লোকসভায় হার হতে পারে বাংলার শাসক দলের। তাই প্রার্থী তালিকা প্রকাশ করার আগে দলের দুই নেতার সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, অর্জুন সিংহের বিদ্রোহ আটকাতে তাঁকে মন্ত্রী সভায় জায়গা দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট মিটলেই অর্জুন সিংহকে গুরুত্বপূর্ন কোন দফতর দেবেন তিনি। তবে মমতার এই “চকলেটে”-এ অর্জুন সিংহের মন গলেছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েই গেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news