নিজস্ব সংবাদদাতাঃ
বানতলাঃ বানতালা লেদার কমপ্লেক্সের একটি তিনতলা ট্যানারিতে বুধবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। ঘটনায় ওই ট্যানারির ২ শ্রমিক গুরুতর জখম হয়েছেন। আহতদের নাম রিঙ্কু মণ্ডল ও সাগর দাস। আহতদের উদ্ধার করে স্থানীয়রাই প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর রিঙ্কু মণ্ডলকে সেখান থেকে কলকাতা ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পড়ে আরও বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার জেরে পার্ক লেদার নামে ওই ট্যানারির দ্বিতীয় তলাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
বুধবার দুপুর বারোটা নাগাদ আচমকা বাসন্তী হাইওয়ের পাশে থাকা বানতলা চর্ম নগরীর দু নম্বর গেটের কাছে থাকা পার্ক লেদার নামে একটি চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগে ট্যানারিটির দ্বিতীয় তলে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তে আগুন সমস্ত তলায় ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনার জন্য আরও চারটি ইঞ্জিন আনা হয়।
টানা দুঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনার জেরে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে। তবে কিভাবে আগুন লাগল তা এখনো পরিষ্কার নয়। দোতলার ঘরে ট্যানারির কাজে লাগা প্রচুর রাসায়নিক মজুত ছিল। সেখানে স্টোভ জ্বালিয়ে দুই কর্মী রান্না করছিলেন, সেই সময় স্টোভ ফেটে আগুন লাগে ওই রাসায়নিকে বলে জানা গিয়েছে। তা থেকেই সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি। বিষয়টি ক্ষতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news