কিশোর ঘোষঃ
বাজিতে ওদের নারকীয় কষ্ট হয়। যে কথা অনেকে জানি না, অনেকে আবার জেনেও না জানার ভান করে থাকি। অনেকে আবার শব্দ বাজি ফাটিয়ে বেচারাদের জীবন অতিষ্ট করে দিতে পারলে অপূর্ব আনন্দ পায়! এমত পরিস্থিতিতে কালীপুজোর প্রাককালে সোমবার বাঁশদ্রোণী থানার উদ্যোগে এক অভিনব মিছিল হল শহরে।
জনসচেতনার উদ্দ্যেশে রাস্তার কুকুরদের নিয়ে মিছিল করলেন পুলিশ কর্তারা। একদল লালু ভুলদের নিয়ে গড়িয়ার মিতালী সংঘের পঞ্চদুর্গা ময়দান থেকে বিধানপল্লী জোড়া পার্ক অবধি হাঁটে মিছিলটি। মিছিলে ছিল ২০টি কুকুর। অন্য প্রাণীরাও। হাঁটলেন স্বয়ং বাঁশদ্রোণী থানার পুলিশ আধিকারিক অমিতশংকর মুখোপাধ্যায়। এলাকার সাধারণ মানুষের সঙ্গে পায়ে পা মেলালেন বেশ কিছু বিশিষ্টজন। পাশাপাশি ছিলেন স্থানীয় দুই কাউন্সিলর।

বাঁশদ্রোণী থানার ওসি মনে করিয়ে দিলেন, আমাদের কাছে যে শব্দ ৯০ ডেসিবেল, কুকুরদের কানে সেটাই ৯০০ ডেসিবেলের আকার ধারন করে। সারমেয়দের যাতে কষ্ট না হয় সে কথা ভাবতে হবে আমাদের।
ভাবা নিশ্চই উচিত। সারা বছর যারা বিনা পয়সায় রাত পাহারা দেয়। যারা সামান্য বিস্কুটটা, কেকটা পেলেই লেজ নাড়তে নাড়তে বাড়ির সিকিউরিটি গার্ড হয়ে ওঠে, তাদের জন্য মানুষ একটু ভাববে না! প্রসঙ্গত, জেনে রাখা ভালো যে আতসবাজির শব্দে কুকুর বেড়াল গুরুতর অসুস্থ হয়তো বটেই, এমনকি অনেক ক্ষেত্রে প্রাণসংশয় হয়।
অতএব উৎসবের মরসুমে ওদের কথাও যেন মনে থাকে আমাদের, বললেন মিছিলে হাঁটা বিশিষ্টজনেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news