বাঁকুড়া, ২৪ জুন :
একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় বিজেপিতে আসার পর থেকেই বিজেপির উত্থান জেলায় জেলায়। বাদ যায়নি বাঁকুড়াও। তৎকালীন মুকুল রায়ের ঘনিষ্ঠরা মুকুল রায়ের পথেই পা বাড়িয়েছেন। যোগ দিয়েছেন বিজেপিতে। এর জেরে জেলায় জেলায় যে বিজেপির ক্ষমতা বেড়েছে তার প্রমান মিলেছে গেল পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেই। জেলার জঙ্গল মহলের বেশ কয়েকটি পঞ্চায়েতে থাবা বসিয়েছে বিজেপি। জঙ্গলমহলের বসবাসকারী মানুষ, আদিবাসী সম্প্রদায় সহ পিছিয়ে পড়া অনুন্নত মানুষ চলতি রাজ্য সরকারের উপর ভরসা হারানোয় বিজেপির উত্থান ক্রমশঃ ত্বরান্বিত হচ্ছে। ভরসা বাড়ছে মুকুল রায়ের প্রতি।
বর্ষার শুরুতেই ছুটির দিন রবিবার মেঘলা আকাশে মুকুল রায়ের বাঁকুড়া সফর ও রাজনৈতিক সভা ঘিরে তুমুল উৎসাহ জেলা জুড়ে। রানিবাঁধ বিধানসভার জঙ্গলমহলে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা তথা অন্যতম দাপুটে নেতা শ্যামল সরকারের বাড়িতে রবিবার মুকুল রায়ের আগমন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তবে কি ভাঙছে তৃণমূল ?
তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের গুরু দায়িত্ব পালন করেছেন রানিবাঁধ বিধানসভার দাপুটে নেতা শ্যামল সরকার । বাঁকুড়া জেলা পরিষদের সদস্য হয়ে কর্মাধ্যক্ষ হয়েছেন। অনুগামীদের নিয়ে সাংগঠনিক ক্ষমতা বাড়িয়েছেন তবুও মর্যাদা পাননি দলে।ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়ে উঠছিলেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আক্রান্ত হয়েছেন, ফের বারে বারে নেমে আসা অত্যাচার প্রতিহত করেছেন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে মনোনয়ন দাখিলও করেছিলেন কিন্তু নিজের স্থির করা প্রাথীদের তৃণমূল টিকিট না দেওয়ায় শেষমেশ তৃণমূলের মনোনয়ন প্রত্যাহার করেন। কারণ অনুগামীদের নিয়ে পথ চলা নেতা নিজের অস্তিত্ব হারাতে চান নি। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই জেলায় মমতার সভায় হাজির থাকতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু অবশেষে বিজেপির অন্যতম দায়িত্বশীল নেতা মুকুল রায়ের আগমন জল্পনা উস্কে দিল। রবিবার শ্যামল সরকারের বাড়িতে আসেন মুকুল। বেশ খানিকক্ষন সময় ধরে কথাবার্তা হয় দুজনের মধ্যে। শ্যামল অনুগামীদের ভিড় উপচে পড়ে বাড়িতে। তবে এই মুহূর্তে তৃণমূল বিক্ষুব্ধ শ্যামলবাবু বিজেপিতে যোগ দিচ্ছেন কি না তা খোলসা করেননি। যোগ দেওয়ার বিষয়ে মুকুল বাবু বা বিজেপির তরফ থেকেও এ কথা এখনও জানানো হয়নি।
সুত্রের খবর দল বদলে মুকুলের হাতই ধরবেন শ্যামল। আর শ্যামলবাবুর দলবদল যে জঙ্গল মহলে যথেষ্ট প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news