চ্যানেল হিন্দুস্তান ঢাকা ব্যুরো :
প্রতিবেশী রাষ্ট্র নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেওয়ার কথা ঘোষণা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। আজ তিনি বলেছেন, “নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলির (KP Sharma Oli) টেলিফোন অনুরোধে সাড়া দিয়ে সেদেশের চাহিদা মেটাতে বাংলাদেশ ৫০ হাজার মেট্রিকটন সার সরবরাহ করবে।” টেলিফোনে কেপি শর্মা ওলিকে প্রধানমন্ত্রীকে এই চাহিদার কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “নেপালের প্রধানমন্ত্রী বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিকটন সার চেয়েছেন।”
প্রেস সচিব আরও বলেন, “জবাবে প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে সম্মত হয়েছেন। ২০ মিনিট টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে রেল ট্রানজিট প্রদানের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।” ইহসানুল করিম বলেছেন, “দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন, ব্যবসা বাণিজ্য জোরদারে শিগগিরই দুই দেশের মধ্যে প্রিফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট (PTA) স্বাক্ষরিত হবে।” প্রেস সচিব আরও বলেন, ” বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী শর্মা ওলিকে তার দেশে সফলভাবে করোনাভাইরাস মোকাবিলার জন্য অভিনন্দন জানান।” চলতি রোপন মৌসুমে দেশটিতে সার সংকট তীব্র আকার ধারণ করতে পারে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর নেপালের প্রধানমন্ত্রী এই টেলিফোন করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news