ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত হাইকোর্টে গেল বিজেপি। বনগাঁ পুরসভার আস্থা ভোটের মীমাংসা চেয়ে আদালতের দ্বারস্থ হতে হল গেরুয়া শিবিরকে। এদিনের মামলায় বিজেপি নেতৃত্ব অভিযোগ করে, আস্থা ভোটের সময় আদালতের রায় মানা হয়নি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁদের দুই কাউন্সিলরকে পুরসভায় ঢুকতে দেওয়া হয়নি। আদালতে বিজেপির আইনজীবী দেবযানী দাশগুপ্ত মামলাটি উল্লেখ করার সময়ে সংবাদপত্রে প্রকাশিত খবরগুলি দেখান বিচারপতিকে। জবাবে বিচারপতি বলেন, “এটা তো পুলিশের দেখার বিষয়।” আইনজীবী বিচারপতিকে জানান, “সেটা হয়নি”। একথা জানার পরেই নতুন করে আবেদন করার নির্দেশ দেন বিচারপতি।
প্রসঙ্গত, আস্থা ভোট ঘিরে মঙ্গলবার চরম উত্তেজনা তৈরি হয় বনগাঁয়। তৃণমূল দাবি করে, বিজেপি কাউন্সিলররা সময়মতো হাজির না হওয়ায় ভোটাভুটিতে তারা জয়লাভ করেছে। পরে বিজেপি দাবি করে, ১১ জন কাউন্সিলরের স্বাক্ষরসহ প্রস্তাব জমা দেওয়া হয়েছে একজিকিউটিভ অফিসারের কাছে। অতএব, নিয়ম মতো পুরসভা দখল করেছে তারা।
অন্যদিকে পুরসভার একজিকিউটিভ অফিসার কোন পক্ষ জিতেছে সে বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি সেদিন। এমত অবস্থায় আদালতের দ্বারস্থ হল বিজেপি। এবার তৃণমূল নেতৃত্ব কী করে, সেটাই এখন দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news