ভাস্কর মান্না:
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সমান সংখ্যক আসন দাবি করল শরদ পাওয়ারের এনসিপি। মঙ্গলবার কংগ্রেস ও এনসিপি’র নেতাদের মধ্যে আসন সমঝোতা নিয়ে এক বৈঠক হয়। সেই বৈঠকে এনসিপি নেতারা ২৮৮ মহারাষ্ট্র নির্বাচনে কংগ্রেসের সমানসংখ্যক আসন দাবি করে।
এদিনের বৈঠকের পরে এনসিপি’র এক নেতা বলেন, “এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আমরা গত দুটি লোকসভা নির্বাচনে কংগ্রেসের থেকে ভালো ফল করেছি। এই জন্য আমাদের সমান সংখ্যক আসনে লড়াই করা উচিত।” পাশাপাশি এদিনের বৈঠকে দু’দলের নেতাদের মধ্যে লোকসভা নির্বাচনে পরাজয়ের কারণ এবং ইভিএমে ভোট করা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে কংগ্রেস ২৫টি, এনসিপি ২০টি এবং অন্যান্য দল ৩টি আসনে জোটবদ্ধ ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। ফলাফল ঘোষণার পর দেখা যায় কংগ্রেস পেয়েছে ১টি ও এনসিপি পেয়েছে ৪টি আসন। আবার ২০১৪ লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়ে কংগ্রেস পেয়েছিল ২টি এবং এনসিপি পেয়েছিল ৪টি আসন। এমনকি ২০০৪ সালের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের থেকে বেশি আসন পেয়েছিল এনসিপি। আবার ২০১৪ সালের বিধানসভা নির্বাচন ছাড়া, মহারাষ্ট্রে ১৯৯৯ সাল থেকে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ ভাবে লড়াই করে আসছে এনসিপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news