ওয়েব ডেস্ক:
জিতল তো বটেই, শেষ পর্যন্ত বনগাঁ পুরসভার আস্থা ভোটের স্কোর দাঁড়াল তৃণমূলের পক্ষে ১৪-০। এই ঘটনা ঘটার কারণ এদিনের ভোটাভুটিতে হাজিরই হননি বিজেপি কাউন্সিলররা। জানা গিয়েছে, এই ইস্যুতে তারা নতুন করে হাইকোর্টে মামলা করেছে। গেরুয়া শিবিরের অভিযোগ, এই আস্থা ভোট বৈধ নয়। কিন্তু কেন? বিজেপির যুক্তি, যাঁরা তৃণমূল চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন কিছুদিন আগেই, তাঁরা ফের তৃণমূলে চলে গিয়েছেন। এর পেছনে ‘বিশেষ’ কারণ রয়েছে বলে মনে করছেন বনগাঁর বিজেপি কাউন্সিলররা। অতএব, এই বিষয়টি তুলে ধরেই বৃহস্পতিবারই হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরফের এজলাসে মামলা দায়ের করে বিজেপি। যার শুনানি হবে আজই।
প্রসঙ্গত, আজ বনগাঁ পুরসভার আস্থাভোটের পেছনেও কিন্তু ছিল মহামান্য হাইকোর্ট। আজকের আস্থা ভোটের নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। তিনি নির্দিষ্ট করে জেলাশাসকের দফতরে ভোট করানোর নির্দেশ দিয়েছিলেন। অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সেই মতো ব্যবস্থা নেয় প্রশাসন। যদিও তৃণমূল কাউন্সিলররা জেলাশাসকের দফতরে উপস্থিত হলেও দেখা মেলেনি একজনও বিজেপি কাউন্সিলরের।
উল্লেখ্য, ২২ আসনের পুরসভায় ১৩ জন কাউন্সিলর শাসক দলের৷ তৃণমূলকে সমর্থন করেছে এক কংগ্রেস কাউন্সিলর৷ অন্যদিকে আস্থা ভোটে ছিলেন না একজন সিপিআইএম কাউন্সির। স্বভাবতই আজ বিজেপি কাউন্সিলররা উপস্থিত না হওয়ায় ১৪-০ ভোটে জয় ছিনিয়ে নেয় তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news