চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক-
বুধবার নবান্নের সভাঘরে শিল্প নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘন্টা ধরে বাংলার শিল্পপতিদের সঙ্গে নানান আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। সবার কথা শুনলেনও। তবে চমক এল একদম শেষলগ্নে। এদিন দেবের কাছে নতুন প্রস্তাব দিলেন মমতা।
এতদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান। বাংলার টুরিজম ডিপার্টমেন্টের হয়ে একটি ভিডিয়ো শ্যুটও করেছিলেন বাদশা। মমতার সঙ্গে দারুণ সম্পর্ক শাহরুখের। ভাইয়ের মতো কিং খানকে ভালোবাসেন মুখ্যমন্ত্রী। দিদির ডাকে প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছুটে আসেন শাহরুখ। চলতি বছরের গোড়াতেও হাজির হয়েছিলেন। শাহরুখের পর এবার দেবকে বাংলার পর্যটন অ্যাম্বাসেডর হিসাবে চান মমতা।
ঘাটালের সাংসদ এবার বাংলার ট্যুরিজম দফতরের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব পেলেন । দেবও একবাক্যেই ঘাড় নাড়লেন। এদিন দেবের উদ্দেশে মমতা বলেন, ‘দেব, তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে একটু কাজ করো না বাবা’। প্রথমে চমকে যান দেব। বলেন, ‘আমি?’ যখন বুঝতে পারেন নির্দেশ তাঁরই উদ্দেশে খানিক চমকে যান ‘প্রজাপতি’ নায়ক। এরপর সোজা টুরিজম ডিপার্টমেন্টকে মমতা বলে দিলেন, ‘এই তোমরা টুরিজম ডিপার্টমেন্ট থেকে দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করো তো’।’
তাহলে কি শাহরুখ আর বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন না? আজ্ঞেঁ এমন কিছুই ঘটছে না। মমতা স্পষ্ট বলেছেন, ‘এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাও আমাদের একটি বিজ্ঞাপন শ্যুট করে দিয়েছিল। এবার তুমিও (দেব) পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।’
এ ব্যাপারে বিজ্ঞাপন বানানোর জন্য মুখ্যমন্ত্রী গুরু দায়িত্ব দিয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষকে। দেবের উদ্দেশে মমতা বলেন, ‘তুমি আরও দু’তিনজনকে নিয়ে কাজটা সামলে নিও’। সম্মতিসূচক ঘাড় নাড়েন দেব, তাঁর মুখে ছিল হাসি। দিদির নির্দেশ যে অক্ষরে অক্ষরে পালন করবেন টলি সুপারস্টার তা ভালোই বুঝিয়ে দিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news