নীল রায়।
অবশেষে ইস্তফা গৃহীত হল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Boishakhi Banerjee)। মঙ্গলবার বিকেলে মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষ পদে তার ইস্তফা গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। গত কয়েক মাস ধরেই বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে টানাপোড়েন চলছিল। এর আগেও তিনি কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু সে যাত্রায় তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি শিক্ষামন্ত্রী। এমনকি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বৈশাখী বিজেপিতে (BJP) যোগ দিলেও তাঁর ইস্তফা গ্রহণ করা হয়নি।
এদিন আচমকাই তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি শোভন-বৈশাখীর জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল ? চলতি বছর ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদানের পর তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল শোভন-বৈশাখীর। বৈশাখীকে নিয়ে বিজেপিতে সমস্যা তৈরি হলে ফের তৃণমূলমুখী হন শোভন। যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ভাইফোঁটার দিন কালীঘাটে গিয়েছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাইফোঁটা নেওয়ার পর রাজনৈতিক মহল ধরেই নিয়েছিল ঘরে ফিরছেন শোভন।
কিন্তু শোভন চট্টপাধ্যায়ের (Shovan Chatterji) মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে পাঠানো অশ্রাব্য মেসেজ নিয়ে ফের সমস্যা শুরু হয়। যার জেরে ‘ঘর ওয়াপসি’ আর শোভনের পক্ষে আর সম্ভব হয়নি। তারপরই মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বৈশাখী। এদিন তা গৃহীত হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news