নীল রায়।
শোভন চট্টোপাধ্যায়কে ঘরে ফেরাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও দলের অধ্যাপক সংগঠনে জায়গা করে দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছে তৃণমূলে। কালীঘাট (Kalighat) সূত্রে খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্নেহের কাননকে বিজেপি শিবির থেকে ছিনিয়ে আনতে বদ্ধ পরিকর। তাই শোভনকে ঘরে ফেরাতে বৈশাখীকেও আর তৃণমূলে নিতে আর আপত্তি নেই নেতৃত্বের। মুকুল রায়ের (Mukul Roy) পর শোভন চট্টোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে দলে টেনে বিজেপি জোর ঝটকা দিয়েছিল বাংলার শাসক শিবিরকে। পাল্টা জবাব দিতে তৃণমূল নৈহাটি, হালিশহরের মতো পুরসভাগুলিকে বিজেপি থেকে তৃণমূলে ফিরিয়ে মুখরক্ষার চেষ্টা করেছিল শাসকদল। তা সত্ত্বেও কলকাতা ও বিধাননগরের প্রাক্তন মেয়রদের দলে নিয়ে যে ঝটকা গেরুয়া শিবির তৃণমূল নেতৃত্বকে দিয়েছিল। তার জবাব কোনওভাবেই দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল।
কিন্তু, শোভন চট্টোপাধ্যায় (Shovan chatterji) ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদানের পরেই রাজ্য নেতৃত্বের সঙ্গে সংঘাত হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) আবার প্রকাশ্যে শোভন-বৈশাখী জুটিকে ডাল-ভাতের সঙ্গে তুলনা করায় বেজায় চটেছিলেন তাঁরা। সম্প্রতি, ভাইফোঁটা নিতে শোভন-বৈশাখী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে গিয়ে ভাইফোঁটা নিতেই তৎপরতা বাড়িয়েছে তৃণমূল। সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়কে দলে ফিরে পুরোনো দায়িত্ব নিয়ে কাজ করতে বলা হয়েছে। তেমনই অধ্যাপক সংগঠনে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও (Boishakhi Banerjee) সম্মানজনক পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
ইতিমধ্যে শোভন চট্টোপাধ্যায়কে ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা ফিরিয়ে দলে ফিরে আসার বার্তা দিয়েছে কালীঘাট। সিদ্ধান্ত নিতে বলা হয়েছে শোভন-বৈশাখীকে। গত সপ্তাহে মেয়ে রিলিনার জন্মদিনের নিমন্ত্রণ করতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি গিয়েছিলেন। সূত্রের খবর, ওইদিনই তৃণমূল মহাসচিবের সঙ্গে দলে ফিরে আসা নিয়ে আলোচনা হয়েছে বৈশাখীর। প্রসঙ্গত, একসময় তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সাধারণ সম্পাদিকা পদে ছিলেন বৈশাখী। তৃণমূলে ফিরলে তাঁকে ওই পদে ফেরানো যায় কিনা, তা নিয়ে জোর আলোচনা তৃণমূলের অন্দরে। তবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার কথায়, শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা মোটেই মসৃণ হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news