প্রসেনজিৎ ধর:
হায়দরাবাদের পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের পর রাতরাতি ভিলেন থেকে হিরো তেলেঙ্গানা পুলিশ। এদিনের চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ্যে আসতেই পুলিশকে অভিবাদন জানায় গোটা দেশের মানুষ। পুলিশের উপরে পুষ্পবৃষ্টি, পুলিশের নামে জয়ধ্বনি দিতে দেখা যায় আমজনতাকে। কোথাও কোথাও মিষ্টি খাওয়ানো হয় পুলিশকে, মহিলারা রাখি পরিয়ে দেন পুলিশ কর্মীদের। আনন্দে আতসবাজিও ফাটাতে দেখা যায় অনেককে। গোটা দেশের এই বিজয়োল্লাসে সামিল হল বৈদ্যবাটি।
এদিন হুগলির বৈদ্যবাটি এলাকার মানুষ পুলিশের নামে জয়ধ্বনি দিতে দিতে রাস্তায় নামেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের হাতে রাখি পরিয়ে দেন এলাকার মহিলারা। পুলিশ আধিকারিকদের মিষ্টি খাওয়ানো হয়।
বৈদ্যবাটির বাসিন্দা শম্পা কুন্ডু বলেন, ‘খুব ভালো লাগছে। আজ মনের জ্বালা মিটেছে। এবার এই ধরণের ঘটনা ঘটাতে ভয় পাবে ধর্ষকরা।’ শম্পার আরও বক্তব্য, ‘এরাজ্যের পুলিশও এমন পদক্ষেপ নিলে মহিলারা রাতে একা বাড়ি ফিরতে ভয় পাবেন না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news