নিজস্ব সংবাদদাতা:
এবার কমিশনের তলবে রাজ্য নির্বাচন কমিশনে হাজিরা দিলেন ‘বাঘিনী’র প্রযোজক পিঙ্কি পাল। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি ছবিটির লোকসভা ভোটের মধ্যেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা ইতিমধ্যে ভেস্তে গেছে। এমনকী ছবিটির ট্রেলার যা ইউটিউবে ছিল তাও তুলে নিতে হল কমিশনের নির্দেশে। আজ দুপুর ৩টে নাগাদ ইউটিউব থেকে ট্রেলার তুলে নেয় প্রযোজক সংস্থা। পাশপাশি ছবির প্রযোজককে নিজের বক্তব্য জানাতে তলব করা হয়েছিল কমিশনে। আজ সে কারণেই ‘বাঘিনী’র প্রযোজক পিঙ্কি পাল রাজ্য নির্বাচন কমিশনের দফতরে আসেন।
পিঙ্কির মতে, কমিশনকে নিজেদের বক্তব্য জানিয়েছি। এটা নরেন্দ্র মোদির বায়োপিকের মতো সরাসরি কারো জীবনচরিত নয়। যদিও মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই সিনেমার প্রধান চরিত্রের মিল থাকায় নির্বাচন চলাকালীন ভোটারদের প্রভাবিত করতে পারে, এই অনুমানে ট্রেলার বন্ধের নির্দেশ দেয় কমিশন। যদিও পিঙ্কি পালের বক্তব্য, এই সিনেমায় একজন সাধারণ মহিলার চরিত্রে রূপ দান করা হয়েছে।
উল্লেখ্য, ‘বাঘিনী’র ট্রেলার এবং সিনেমা প্রদর্শন আগামী ২৩ তারিখ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কমিশন। সেই নির্দেশ মেনেই নির্বাচনের পর সিনেমাটি মুক্তি পাবে বলে জানান প্রযোজক সংস্থার মুখপাত্র পিঙ্কি পাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news