জয় ঘোষ
হেনস্থা, মারধর, গালিগালাজে অভিযুক্ত ছাত্র দেবাঞ্জনকে মাফ করে দিলেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul supriyo)। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বাবুলের একটি বার্তা প্রকাশ পায়। যেখানে প্রায় সাড়ে চার মিনিটের দেবাঞ্জনের মায়ের একটি ভিডিওর সঙ্গে বাবুলের একটি লিখিত বার্তায় প্রকাশ করা হয়েছে। সেখানে বাবুল লেখেন, “চিন্তা করবেন না মাসিমা – আমি কোনও ক্ষতি করব না আপনার ছেলের !! ওর ভুল থেকে ও শিক্ষা নিক এটাই চাই ! আমি নিজে কারোর বিরুদ্ধে কোনও (FIR) তো করিইনি – কারোকে করতেও দিইনি ৷ আপনি দুশ্চিন্তা করবেন না। তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ! আমার প্রণাম নেবেন ৷”
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি (ABVP)-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা মাত্রই চুল টেনে মারমুখী হয়ে ওঠে ছাত্রছাত্রীরা৷ করা হয় ব্যাপক গালিগালাজ। প্রায় ৬ ঘণ্টা বাবুলকে আটকে মারধর, গালিগালাজ, জামাকাপড় ছিঁড়ে হেনস্থা করা হয়। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে রাজভবন থেকে আসতে বাধ্য হন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধানখড় (Jagdeep Dhankhar) ৷ তিনিই নিজের গাড়িতে তুলে নিয়ে রাজভবন নিয়ে গিয়ে রক্ষা করেন বাবুলকে।
ঘটনার পরিণাম যে ভয়ঙ্কর হতে চলেছে তা জানাই ছিল ৷ বাবুলের ওপর হামলার প্রতিবাদে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হুংকার ছাড়েন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ (Surgical Strike) করে গুঁড়িয়ে দেওয়া হবে যাদবপুরের বাম ঘাঁটি। বিজেপির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ ঘটনায় অভিযুক্ত ছিলেন বর্ধমানের বাসিন্দা দেবাঞ্জন বল্লভও ৷ বাবুলকে শারীরিকভাবে নিগ্রহ করার সময় ক্যামেরায় ধরা পড়ে তাঁর ছবি৷ খবরের চ্যানেল তথা সোশ্যাল মিডিয়ায় ছেলের ওই ছবি ও বিজেপি নেতৃত্বের হুঙ্কার শুনে ছেলের ভবিষ্যত নিয়ে আশঙ্কায় বিচলিত হন ক্যান্সারে আক্রান্ত দেবাঞ্জনের মা৷ স্থির থাকতে পারেননি ৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছে অসহায়ভাবে হাতজোড় করে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন রূপালি বল্লভ। আর্তি একটাই, “ছেলে দেবাঞ্জন বল্লভকে যেন ক্ষমা করেন বাবুল ৷” সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে চোখের জলে বাবুলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ক্যান্সার আক্রান্ত মা।
দেবাঞ্জনের বাবা চন্দন বল্লভ বর্ধমান টাউন স্কুলের কমার্সের শিক্ষক ৷ তিনিও ছেলেকে নিয়ে শঙ্কিত ৷ এদিকে নানা দপ্তর থেকে ছেলের খোঁজ শুরু হয়েছে বলে খবর পেয়েছেন তিনি৷ যদিও ঘটনাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন দেবাঞ্জন ৷ বলছেন বিজেপির আইটি (BJP) সেল তাঁর ছবি বিকৃত করে ছড়াচ্ছে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এখন ছেলের ভবিষ্যত নিয়ে বিচলিত মা ৷ তাই তর্কে বিতর্কে না গিয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন মা ৷ সংবাদমাধ্যমে উঠে এসেছে সেই ছবি ৷ আজ তা উল্লেখ করে টুইট করেন বাবুল সুপ্রিয় ৷ জানান দেবাঞ্জন বল্লভকে ক্ষমা করে দিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news