অনীক দত্ত:
গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে বাবুল সুপ্রিয় যাওয়ার পর যা ঘটেছে সেটা আমি টিভিতে দেখি। দেখে কিন্তু আমার ভালো লাগেনি। এবং এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করি। সেখানে লিখেছি যে প্রতিবাদ, স্লোগান ইত্যাদি হতে পারে কিন্তু শারীরিক নিগ্রহ অনভিপ্রেত। একেবারেই সমর্থনযোগ্য না। ওই পোস্টে আমার আরও বক্তব্য ছিল যে, কেন ওঁদের পর্যায়ে নামব আমরা, মানে বিজেপি বা তৃণমূলের মতো লুম্পেনগিরি করব কেন।
আমি যে ভিডিও ক্লিপগুলো দেখেছি তাতে বাবুল সুপ্রিয়কে চর-ঘুষি ইত্যাদি মারা হচ্ছে, এমনটা দেখিনি। তবে যা দেখেছি সেটাকে অনায়াসে শারীরিক হেনস্তা বলাই যায়। এরাকমটা হওয়া উচিত হয়নি কোনোমতেই। মানে শুধু মন্ত্রী বলে নয়, কাউকেই এভাবে হেনস্তা করা ঠিক না। এক্ষেত্রে যাঁরা এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছিলেন তাঁদের দেখা উচিত ছিল ব্যাপারটা যেন এই পর্যায়ে না যায়। যেহেতু সামনে দাঁড়িয়ে যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা কম বয়সি। এই বয়সে দ্রুত উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। এই বয়সে আমরাও দুম করে উত্তেজিত হতাম। আমাদের চালিত করা যেত। কিন্তু গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল শুভবুদ্ধি সম্পন্ন নেতৃত্বের। কারণ একটা সংঘর্ষ বাঁধলে কারো জন্যেই বোধ হয় ভালো হয় না। এইসঙ্গে বলব, গতকাল যাঁরা বাবুলকে বিক্ষোভ দেখালেন তাঁরা কিন্তু কার্যত প্রতিপক্ষকে সুবিধা করে দিলেন।
হলও তো তাই। এরপর এই সুযোগটা কাজে লাগিয়ে একদল ছেলে লাঠিসোটা নিয়ে এসে এসএফআইয়ের ইউনিয়ন রুমটা ভাঙল। অন্যদিকে এসএফআইয়ের বক্তব্য শুনলাম। ওরা বলেছে, গতকালকের ঘটনার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। এবং যা হয়েছে সেটাকে ওরা সমর্থন করছে না বলেই জানিয়েছে। বাম নেতা সুজন চক্রবর্তীও বাবুলের সঙ্গে যা ঘটেছে তা সমর্থন করেন না বলেই জানিয়েছেন। প্রসঙ্গত, কালকের ভিড়ে যে পতাকা দেখা গিয়েছে সেটা কিন্তু লাল। এসএফআইয়ের ফ্ল্যাগের রঙ ঠিক লাল নয়।
যাই হোক, আমার মূল বক্তব্য হল, গতকাল যে ঘটনা ঘটেছে যাদবপুরে সেটা যে পার্টি বা যারাই করে থাকুক তা ঠিক হয়নি। গণতন্ত্র না মানলে আলাদা কথা। কিন্তু মুখে গণতন্ত্রের কথা বলব আবার এই ধরনের ঘটনাও ঘটাব এটা হতে পারে না। দ্বিতীয়ত, যাদের বিরুদ্ধে এই প্রতিবাদ হেনতেন, এভাবে কিন্তু তাদেরই সুবিধা করে দেওয়া হল শেষতক। এরফলেই কিন্তু তারা এবার ইউনিভার্সিটির ভেতরে ঢুকে পড়বে, এবং যা করার সব করবে। এমনিতে এখানে ঢুকতে গেল তো একটা পড়াশুনো, মেধা ইত্যাদি বিষয় লাগে, সেটা তো ওদের দু’একজনকে বাদ দিলে তেমন নেই।
ফলে শাপে বর হল হয়তো!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news