নীল রায়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur university) ঘটনার পর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul supriyo)। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত আইএনটিটিইউসির সভায় নাম না করে তাঁকেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে মাত্র একবারই প্রতিক্রিয়া জানালেন তিনি। বললেন, “যাদবপুরে গিয়েছিল। কী কাণ্ড করে এসেছে ওখানে।” ছোট্ট মন্তব্য করে মুখ্যমন্ত্রী যাবতীয় ঘটনার দায় চাপিয়ে দেন বিজেপি তথা ঘটনাস্থলে উপস্থিত বাবুল সুপ্রিয়র ওপর।
এরপরই বাবুলের নির্বাচনী এলাকা আসানসোল নিয়ে সরব হন। তিনি বলেন, “আসানসোল ও দুর্গাপুর তো ঢেলে ভোট দিয়ে ওদের জিতিয়ে দিল ওদের। কী করছে ওরা? চিত্তরঞ্জন লোকোমোটিভের কী হয়েছে? সেটা তো আসানসোলেই। আর দূর্গাপুরে সেল থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থাগুলো কেন বেসরকারীকরণ হয়ে যাচ্ছে?” ঘটনাচক্রে, শুধু আসানসোল নয়, এবারের লোকসভা ভোটে বর্ধমান দূর্গাপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়া (Surender Singh Ahluwalia)। বাবুলের সঙ্গে তাঁকেও তৃণমূল নেত্রীর আক্রমণের মুখে পড়তে হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news