চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা সংক্রমনের জেরে সারা ভারত জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের ফলে অর্থনীতির মেরুদন্ড পুরোপুরি ভেঙে পড়েছে। দেশে আর্থিক বৃদ্ধির হার ক্রমশ নিম্নমুখী। অনেক অর্থনীতিবিদদের মতে, করোনা পরবর্তীকালে পুরোপুরি শূন্য থেকে পথ চলা শুরু করবে ভারতীয় অর্থনীতি। কিন্তু তারপরেও ২০২৪ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছবে ভারত। তবে তার জন্য ‘আত্মনির্ভর ভারতে’র মতো সিদ্ধান্তকে আঁকড়ে ধরতে হবে। এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতের সময় অমিত শাহ বলেন, “আমাদের ‘আত্মনির্ভর ভারতে’র দিকে বেশি করে ঝুঁকতে হবে। আমরা ভারতকে উৎপাদনের হাব তৈরি করতে চাই। এর জন্য ভারতের ১৩০ কোটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তাঁরা প্রত্যেকে ভারতে তৈরি জিনিসই ব্যবহার করবেন। তা হলেই আমাদের অর্থনীতিতে অনেক বেশি গতি আসবে। অর্থাৎ ‘আত্মনির্ভর ভারত’ এবং দেশীয় সামগ্রী ব্যবহার এই দুই মন্ত্রই ভারতকে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে।”
তবে তিনি এ কথাও স্বীকার করেন যে করোনা পরিস্থিতির জন্য বিশ্ব অর্থনীতিতে গ্রহণ লেগেছে। সেখান থেকে বাদ যাননি ভারতও। কিন্তু অন্যদিকে ভারতের সুবিধা হল বিশাল সংখ্যক জনসংখ্যা। এই জনসংখ্যা যদি দেশীয় পণ্য ব্যবহার করে তাহলে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনীতির চাকাও দ্রুত ঘুরতে শুরু করবে। তবে তার জন্য হতে হবে আত্মনির্ভর। শাহের কথায়, “ভারতের যুব শক্তি, শ্রম শক্তি এবং ভারতের জনতা সংকল্প শক্তি ও মোদিজীর শক্তি – এই চার শক্তি আত্মনির্ভর ভারতকে পুরো বিশ্বের কাছে এগিয়ে নিয়ে যাবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news