নীল রায়। আগামী বিধানসভা ভোটে কি প্রশান্ত কিশোর বনাম মুকুল রায়ের “স্ট্র্যাটেজি”র লড়াই দেখা যাবে বাংলায়? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার দুপুরে নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসেন “ইলেকশন স্ট্র্যাটেজিসট” প্রশান্ত কিশোর। জানা গিয়েছে, লোকসভা ভোটে চূড়ান্ত বিপর্যয়ের পর নির্বাচনী লড়াইয়ের যাবতীয় দায়িত্ব প্রশান্ত কিশোরের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে তবে কি আগামী বিধানসভা নির্বাচনে প্রশান্তের স্ট্র্যাটেজির জবাব বিজেপির পক্ষে দেবেন মুকুল রায়। কারণ, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ২০১৪ সালের লোকসভা ভোট পর্যন্ত, মুকুলই ছিলেন তৃণমূলের নির্বাচনী মস্তিষ্ক। কিন্তু তাঁর দল ছাড়ার পর তৃণমূলে সেই দায়িত্ব বন্টন হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ববি হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, শুভেন্দু অধিকারীদের মধ্যে। রিগিং, ছাপ্পা, বুক জ্যাম করে পঞ্চায়েত, পুর নির্বাচন থেকে লোকসভা, বিধানসভা ভোটে জয় পাচ্ছিল তৃণমূল। কিন্তু এবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়ি হতেই শোচনীয় পরাজয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। তাই এবার আর কোনও ঝুঁকি না নিয়ে সরাসরি ডেকে পাঠানো হয়েছে একদা নরেন্দ্র মোদির নির্বাচনের দায়িত্বে থাকা প্রশান্তকে। বাংলায় বিজেপির লোকসভা ভোটের নির্বাচন কমিটির প্রধান করা হয়েছিল মুকুল রায়কে। হাতেনাতে ফল মিলেছে। মনে করা হচ্ছে এই ফলাফলের কথা মাথায় রেখেই আগামী বিধানসভা ভোটে মুকুলকে দায়িত্বে রেখেই ভোট লড়াই করবে বিজেপি। আর সেই লড়াই হবে প্রশান্ত বনাম মুকুলের কৌশলের!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news