ওয়েব ডেস্ক:
অবশেষে অসমের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা তৈরির সময়সীমা ৩১ জুলাই থেকে পিছিয়ে ৩১ অগাস্ট করে দিল সুপ্রিম কোর্ট। জাতীয় নাগরিকপঞ্জির কো-অর্ডিনেটরের আবেদনের ভিত্তিতেই শীর্ষ আদালত এই সিদ্ধান্ত নিল। এইসঙ্গে আগামী ৭ অগস্টের মধ্যে সব পক্ষকে সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য প্রকাশের সুযোগ করে দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ। যদিও তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এবং বাদ পড়াদের মধ্যে ২০ শতাংশ নাগরিকের তথ্যপঞ্জি নতুন করে খতিয়ে দেখার যে আর্জি করেছিল কেন্দ্র এবং অসম সরকার, সেই আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
প্রসঙ্গত, কেন্দ্র এবং অসম সরকারের দাবি করেছিল, নাগরিকপঞ্জিতে এমন অনেকেই বাদ পড়েছেন, যাঁরা ভারতীয় নাগরিক। উল্টো দিকে অনেক অনুপ্রবেশকারী বা প্রবাসীও তালিকায় ঢুকে পড়েছেন। বিশেষত অসম-বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা ঘটেছে। ফলে অন্তত ২০ শতাংশ নাগরিকের নথিপত্র খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করার প্রয়োজন রয়েছে। সেই মতো চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ৩১ জুলাই থেকে পিছোনোর দাবি করা হয়েছিল।
এদিন এনআরসি কো-অর্ডিনেটর জানান, নতুন করে নথি যাচাইয়ের দরকার নেই। কারণ ইতিমধ্যে তালিকা থেকে বাদ পড়া এবং তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ৭২ লক্ষ মানুষের নথিপত্র দ্বিতীয় বার যাচাই করা হয়েছে। তবে খসড়া তালিকা থেকে চূড়ান্ত তালিকা তৈরিতে আরও কিছুটা সময় লাগবে বলে তিনি জানান। সেই আর্জি মেনেই আরও এক মাস সময় দিল শীর্ষ আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news