Breaking News
Home / TRENDING / বডি বিল্ডিং-এর ‘দোষে’ জেল খাটতে হয়েছিল! ৭১-এ পা দিলেন আমাদের আরনল্ড  

বডি বিল্ডিং-এর ‘দোষে’ জেল খাটতে হয়েছিল! ৭১-এ পা দিলেন আমাদের আরনল্ড  

কিশোর ঘোষঃ

গতকাল ছিল এক বিশ্ববিখ্যাত প্রতিভার জন্মদিন। এমন একজন যাকে দেখে পেট রোগা বাঙালিও বারবেল, ডাম্বেল নিয়ে নেমে পড়েছিল শরীর গঠনে। সেটা নয়ের দশকের শুরু। গোবর গুহ যে বাঙালি ছিল তা আমরা ভুলে গেছি ততদিনে। যদিও তখনও আরেক স্বদেশ জাতক চাম্পিয়ান বডি বিল্ডার মনোহর আইচ দিব্য বেঁচেবর্তে। কিন্তু তবু শহর ও শহরতলির হলে আরনল্ড শোয়র্জেনেগার অভিনীত ‘কমান্ডো’ দেখার অভিজ্ঞতা এখনও জলজ্যান্ত।

মনে পড়ে তখনও কথায় কথায় সরি, থ্যাঙ্ক-ইউ, আউচ, শিট বলা অভ্যাস হয়নি মধ্যবিত্ত বাঙালির। আবেগ পেলে সরাসরি রেগে যাই কিংবা কেঁদে ভাসাই। কখনও আবার আনন্দে বুড়ো হয়েও বাচ্চাদের মতো হাততালি দিয়ে উঠি। মফসসলের রঙচটা হলের কাঠের চেয়ারে বসে অন্যদের সঙ্গে জোর হাততালি দিয়েছিলাম ‘কমান্ডো’ দেখতে দেখতে। বিশেষত ছবিতে আর্নল্ড যখন তাঁর চওড়া কাঁধে বিরাট বড় কাঠের গুড়িটা হেলায় তুলে নিল। আরেকটা দৃশ্য—ছবির অধিকাংশ শয়তানদের খতম করে শুধুমাত্র কটিবন্ধ পরা নায়ক ডিঙি নৌকো চালিয়ে নদীতে ভেসে যাচ্ছেন। এবং তাঁর দেবদূতসুলভ পেশিবহুল শরীর, সিংহকোটি, আহা! ‘কমান্ডো’র দৌলতে ওই অপূর্ব সুন্দর শরীরটাকে দেখার সৌভাগ্য হয়েছিল সাড়া বিশ্বের সিনেমা দর্শকের।

আসল কথা হল ‘কমান্ডো’ একটা বুম দিয়েছিল শরীর চর্চায়। গত শতাব্দীর নয়ের দশকের ওই সময়টা ভারতের মতো দেশের জন্য সবক্ষেত্রেই ছিল ট্রানজিশন টাইম। সেই ধারায় এরাজ্যের স্বাস্থচর্চাতেও এসে যায় আধুনিকতার ছোঁয়া। বাড়তে থাকে জিম কালচার। গতকাল, ২০১৮ সালের ৩০ মার্চ সেই যুগান্তকারী আর্নল্ড শোয়ার্জেনেগারের ৭১ বছর বয়স হল।

কে না জানে অরনল্ড এক বৃদ্ধ কিন্তু তরুণ। কারণ বার্ধক্য অনেক আগেই হার মেনেছে আরনল্ড শোয়ার্জেনেগারের কাছে। অতএব, তাঁর বয়সের হিসাব চলে না। তবে হ্যাঁ, প্রকাণ্ড দেহী ৭১ বছরের এক পরিণত তরুণের কথা যদি জানতে চাওয়া হয়, তাহলে সেখানে আরনল্ড শোয়ার্জেনেগারের নাম আসবে নিঃসন্দেহে। ফলে বয়স তাঁর এক বছর বেড়ে গেল—এমনটা বললে হবে না। বলতে হবে, ‘আরও একটি বছর হেরে গেল আর্নির কাছে। ৭১-ও বুড়ো বানাতে পারল না আর্নিকে।

বাবা গুস্তাভের কড়া শাসন সব সময়েই জারি থাকত ছোট্ট আর্নির ওপর। কারণ তিনি চাইতেন ছেলে বড় হয়ে তাঁরই মতো পুলিশকর্তা হবে। কিন্তু আর্নির স্বপ্ন ছিল বড়। বিশ্ববাসীর আইকনে পরিণত হতে চান তিনি, ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পৃথিবী শাসন করতে চান। তাই তো ১৫ বছর বয়সে যখন তাঁর সমবয়সিরা আকাশকুসুম কল্পনায় বিভোর, তাঁদের অলস সময়টা কাটত প্রেমে; আর্নি তখন পরিশ্রম করছে বারবেল, ডামবেল নিয়ে। সেই যে অস্ট্রিয়ার থাল নামের ছোট্ট গ্রামে, বিশ্ব আইকনে পরিণত হওয়ার স্বপ্ন দেখেছিল আর্নি, সেটা বাস্তবে পরিণত হয় হলিউডের সুপারস্টার হয়ে আর ক্যালিফোর্নিয়ার গভর্নরের হওয়ার মাধ্যমে।


মাত্র ১৯ বছর বয়সে ৭৫ কেজি ওজনের এক দানবে পরিণত হন আর্নি। তত দিনে ছোটখাটো বিভিন্ন বডি বিল্ডিং প্রতিযোগিতায় সেরা হয়ে, অস্ট্রিয়াজুড়ে তাঁর পরিচিতি ছড়িয়েছে আরনল্ড অ্যালিওস শোয়ার্জেনেগার নামে।
১৯৬৫ সালে অস্ট্রিয়ার সেনাবাহিনীতে যোগ দেন শোয়ার্জেনেগার। চাকরি করার সময় থেকেই শরীরগঠন তাঁর কাছে পরিণত হয় ধ্যান-জ্ঞানে। যুদ্ধের ট্যাংকের পেছনেও রেখে দিতেন বারবেল-ডামবেল। সুযোগ মিললেই শুরু হয়ে যেত ব্যায়াম। প্যাশানেট জিনিয়াস হলে যা হয়, একবার সেনাবাহিনীর কর্মকর্তাদের অনুমতি ছাড়াই দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় অংশ নিতে ইউরোপে চলে যান। ফিরে আসার পর এক সপ্তাহ কারাগারে বন্দি থাকতে হয়। তবে তিনি দমে যাওয়ার মানুষ নন। এবং তার ফল মিলল হাতেনাতে।

১৯৬৭ সালে গোটা বিশ্বকে তাক লাগিয়ে ২০ বছর বয়সে ‘মিস্টার ইউনিভার্স’ খেতাব জেতেন শোয়ার্জেনেগার। এরপর ‘মিস্টার অলিম্পিয়া’ খেতাব জেতেন একে একে সাতবার। তত দিনে যুক্তরাষ্ট্র দেশটা মনে ধরেছে। স্বপ্ন বাস্তব করতে শোয়ার্জেনেগর পাড়ি জমান স্বপ্নের দেশে।

হারকিউলিস ইন টাউন ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও শোয়ার্জেনেগার আলোচনায় আসেন কোন্যান দ্য বারবারিয়ান ছবির মাধ্যমে। ১৯৮২ সালে মুক্তি পায় ছবিটি। বিশ্ববাসী দেখে বিশাল দেহের এক রূপকথার নায়ককে। তাঁর ২৭ ইঞ্চির চওড়া বাহু মনে করিয়ে দেয় ওক গাছের কাণ্ডের কথা। ৫৬ ইঞ্চি বুকের ছাতি যেন প্রকাণ্ড পাথরের চাঁই। কাঁধ বেয়ে নেমে আসা ঝাঁকড়া চুল আর খোলা শরীর নিয়ে সাগরপাড়ে তলোয়ারবাজির সেই দৃশ্য রাতারাতি পরিণত হয় পৌরুষের আইকনে।
তবে ইতিহাস সৃষ্টি হয় ১৯৮৪ সালে। জেমস ক্যামেরনের সাই-ফাই ছবি টার্মিনেটর-এ অভিনয় করলেন এক খুনে রোবটের চরিত্রে। গোটা পৃথিবী দেখেছে কালো জ্যাকেট গায়ে আর চওড়া সানগ্লাস চোখে শোয়ার্জেনেগার বলছেন, ‘আই উইল বি ব্যাক।’ উল্লেখ্য, এরপরই পাল্টে যায় অ্যাকশন ছবির সংজ্ঞা। ওই বছর বক্স অফিস কাঁপিয়ে মাস্টারপিসে পরিণত হয় টার্মিনেটর। শোয়ার্জেনেগার নামের সঙ্গে যুক্ত হয় ‘অ্যাকশন হিরো’র তকমা।
কখনো ‘কমান্ডো’তে মেয়ে রক্ষায় তৎপর বাবার চরিত্রে, কখনও বা ‘ইরেজার’-এ ইউএস মার্শাল চরিত্রে তুলে নিয়েছেন অস্ত্র। ট্রু লাইজ আর কল্যাট্যরাল ড্যামেজ ছবিতে লড়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পর্দা কাঁপিয়েছেন অসংখ্য অ্যাকশন ছবিতে। অভিনয় করেছেন জুনিয়র আর কিন্ডারগার্টেন কপ ছবিতে অন্য রকম চরিত্রেও।
অভিনয়ের পাশাপাশি করেছেন মডেলিং। চওড়া কাঁধ আর দানবীয় শরীর হয়ে ওঠে পুরুষদের অনুকরণীয় আর নারীদের পরম আরাধনার। টোটাল রিকল ছবিতে বিশ্বের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্যারন স্টোনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে কড়া জবাব ছুড়ে দেন সমালোচকদের।
হলিউডে সফল হওয়ার স্বপ্ন পূরণ হলেও ক্ষমতাসীন ব্যক্তির আসনটি তখনও দখলে নেওয়া হয়নি শোয়ার্জেনেগরের।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ বুশ সিনিয়রের স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার মাধ্যমে রাজনীতিতে  হাতেখড়ি। ২০০৩ সালে গ্রে ডেভিসকে হারিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন রিপাবলিকান আরনল্ড শোয়ার্জেনেগার। জনপ্রিয়তার দৌড়ে ২০০৬ সালে আবারও সহজেই হারিয়ে দেন ডেমোক্র্যাট ফিল অ্যানজেলিডেসকে। অল্পের জন্য ছিটকে যান প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে। কিন্তু হোয়াইট হাউসের সঙ্গে সুসম্পর্কের কারণে হলিউড আর মার্কিন রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন শোয়ার্জেনেগার।

ষাটোর্ধ্ব বয়েস এসে এখনও এক্সপেন্ডেবলেস আর টার্মিনেটর জেনেসিস-এর মতো মারদাঙ্গা ছবি করে লজ্জা দিচ্ছেন হাঁটুর বয়সি নায়কদের।
সম্প্রতি এক তথ্যচিত্রে পরোক্ষভাবে নিজেই নিজেকে কিংবদন্তি বলে দাবি করেন শোয়ার্জেনেগার। নিজেকে এমন দাবি করার অধিকার হয়তো শুধু তাঁরই আছে!

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *